বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সাইফের সঙ্গে নিজের পারিবারিক যোগসূত্র জানালেন অমিতাভ

প্রকাশিত: ০৭:২১, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৩

বলিউডে একে অপরের সঙ্গে কার কী সম্পর্ক, সেই হিসাব অনেক সময়ই বেশ জটিল। এবার কৌন বানেগা ক্রোড়পতি (কেবিসি) অনুষ্ঠানে সাইফ আলি খানের সঙ্গে নিজের পারিবারিক সম্পর্কের কথা জানালেন অমিতাভ বচ্চন।

বিষয়টি জানতে পেরে অবাক হন সাইফও।
সাইফ আলি খান ও অক্ষয় কুমার তাদের নতুন সিনেমা হাইওয়ান-এর প্রচারে কেবিসিতে হাজির হয়েছিলেন। সেখানেই সাইফকে উদ্দেশ করে অমিতাভ বলেন, ‘অনেকেই জানেন না, ওর সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক আছে।’

এরপর অমিতাভ জানান, রাজ কাপুরের মেয়ে ঋতু কাপুরের ছেলে নিখিল নন্দা বিয়ে করেছেন তার মেয়ে শ্বেতা বচ্চনকে।

অন্যদিকে সাইফ বিয়ে করেছেন রাজ কাপুরের ছেলে রণধীর কাপুরের মেয়ে কারিনা কাপুরকে। ফলে কারিনা ও নিখিল নন্দা সম্পর্কে কাজিন। আর সেই বিয়ের সূত্রেই বচ্চন ও কাপুর পরিবারের সঙ্গে সাইফের পরিবারের সম্পর্ক তৈরি হয়েছে।
এই সম্পর্কের হিসাব শুনে অমিতাভের নিজেরই প্রশ্ন, ‘তাহলে এখন আমি কারিনাকে কী বলে ডাকব? কারিনা আমাকে কী বলে ডাকবে?’

অমিতাভের প্রশ্নের জবাবে সাইফ মজা করে বলেন, ‘ভাগ্যিস, এটা কেবিসির পর্দায় প্রশ্ন হিসেবে আসেনি।

’ সাইফের কথা শুনে হেসে ওঠেন অমিতাভ ও অক্ষয়।
 
কাজের সূত্রেও অমিতাভ, সাইফ ও কারিনার মধ্যে রয়েছে বেশ কিছু যোগসূত্র। অমিতাভ ও কারিনা একসঙ্গে কাভি খুশি কাভি গাম, দেব ও সত্যাগ্রহ সিনেমায় অভিনয় করেছেন। অন্যদিকে অমিতাভ ও সাইফকে একসঙ্গে দেখা গেছে আরক্ষণ ও একলব্য: দ্য রয়্যাল গার্ড-এ।

এদিকে সাইফ ও অক্ষয় কেবিসিতে এসেছিলেন তাদের নতুন ক্রাইম থ্রিলার হাইওয়ান-এর প্রচারে।

প্রিয়দর্শন পরিচালিত সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি ২০১৬ সালের মালয়ালম ছবি অপ্পম-এর হিন্দি রিমেক। এতে সাইফ ও অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন বোমান ইরানি, শ্রিয়া পিলগাঁওকর, সাইয়ামি খের ও রাজপাল যাদব। সংগীত পরিচালনা করেছেন প্রীতম।

Mahfuzur Rahman

Publisher & Editor