বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

২ মাস পর দেশে ফিরলেন শাকিব খান

প্রকাশিত: ০৭:১৯, ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১০

দীর্ঘ দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই অভিনেতা।

জানা গেছে, ব্যক্তিগত সফরের পাশাপাশি ব্যবসায়িক কিছু কাজেও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন শাকিব খান। নির্ধারিত কাজগুলো শেষ করে ঠিক দুই মাস পর দেশে ফিরেছেন তিনি।

এর আগে গত ২ জুলাই রাতের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব। সফরে যাওয়ার আগে সেদিনই মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি।

সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।
নতুন সিনেমার কাজে নামার আগে আগামী সপ্তাহে ‘সোলজার’ সিনেমার শেষ অংশের কয়েকটি দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। এরপরই নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন এই তারকা।

শাকিব খানের যুক্তরাষ্ট্র সফর অবশ্য নতুন কোনো ঘটনা নয়।

এর আগেও সিনেমার কাজ, পারিবারিক প্রয়োজন কিংবা ব্যক্তিগত বিভিন্ন কারণে একাধিকবার দেশটিতে গেছেন তিনি।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী শাকিব খান। এ কারণে বছরের নির্দিষ্ট একটি সময় তাকে দেশটিতে অবস্থান করতে হয়। এবারও ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজের পাশাপাশি সেই নিয়ম মেনেই যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি।

Mahfuzur Rahman

Publisher & Editor