বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

তৃতীয় টেস্টের আগে আরো বিপাকে পাকিস্তান

প্রকাশিত: ০৭:১৩, ০২ সেপ্টেম্বর ২০২৬ |

লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হেরে সিরিজ হাতছাড়া পাকিস্তানের। তৃতীয় টেস্টের আগে খেলোয়াড় ও কোচ বরখাস্ত।

প্রধান নির্বাচকের পদত্যাগ। এরই মাঝে আরো বড় দুঃসংবাদ এলো পাকিস্তান দলে।  জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অধিনায়ক বাবর আজম। পাকিস্তান দলের ম্যানেজার নাভেদ আক্রম চিমা বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ব্যাটারের বুকে সংক্রমণ এবং গলা ব্যথার জন্য চিকিৎসকরা অন্তত তিন দিনের সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

পাকিস্তান দলের ম্যানেজার নাভেদ আক্রম চিমা জানিয়েছেন, ভয়ের কোনো কারণ নেই এবং আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এজবাস্টন টেস্টের আগেই বাবর সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। 

চোটের কারণে প্রথম টেস্টে বসতে হওয়া এবং লর্ডসের দুই ইনিংসে মাত্র ৮ ও ৬ রান করে তীব্র সমালোচনার মুখে পড়া বাবরের জন্য এই শারীরিক ধাক্কা যেন ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’।

একদিকে বাবর হাসপাতালের বেডে, অন্যদিকে লর্ডসের ভরাডুবিতে সাতজন খেলোয়াড়কে বহিষ্কার করে দেশে ফেরত পাঠিয়েছে পিসিবি।

এই তালিকায় রয়েছেন  রিজওয়ান, ইমাম-উল-হক, সলমন আলি আঘা, আলি উসমান, আমের জামাল, আওয়াইস জাফর এবং খুররম শাহজাদ।
কোচিং স্টাফেও করা হয়েছে বড় বদল। প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ এবং বোলিং কোচের দায়িত্ব থেকে সরানো হয়েছে উমর গুলকে। সাদা বলের দায়িত্বে থাকা মাইককেও তড়িঘড়ি টেস্ট দলের প্রধান এবং অ্যাশলে নফকেকে অন্তর্বর্তীকালীন বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বোর্ডের এমন খামখেয়ালিপনা ও চরম বিশৃঙ্খলার প্রতিবাদে নিজের পদ ছেড়েছেন জাতীয় প্রধান নির্বাচক মিসবা-উল-হক।

লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং পরামর্শদাতার পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। যদিও পিসিবি এখনো তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।

Mahfuzur Rahman

Publisher & Editor