বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

৬৬৩ কোটির চুক্তি-মেডিক্যাল শেষে ‘হৃদয়ের ডাকে’ পুরনো ক্লাবে থেকে গেলেন তারকা

প্রকাশিত: ০৭:১২, ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১১

দলবদলের শেষ দিনে নাটকীয়তার চূড়ান্তে পৌঁছাল এভারটন। ফরাসি ক্লাব মোনাকো থেকে ৪০ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে ২৫ বছর বয়সী মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুনকে দলে ভেড়ানোর সব প্রস্তুতিই সেরে ফেলেছিল ক্লাবটি।

তবে ফিঞ্চ ফার্ম প্রশিক্ষণ কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা ও সমঝোতার শেষ ধাপে এসে আচমকাই মন বদলে ফেলেন বালোগুন। চুক্তিপত্রে সই হওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে নিজেই পিছিয়ে গিয়ে সবাইকে স্তব্ধ করে দেন এই যুক্তরাষ্ট্রের তারকা।
ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায় স্ট্রাইকার বেতোর পাড়ি জমানোর পর তড়িঘড়ি করে আক্রমণভাগে বালোগুনকে ভেড়ানোর সিদ্ধান্ত নেয় মার্সিসাইডের দলটি। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের জোশুয়া জার্কজি কিংবা অ্যাস্টন ভিলার ট্যামি আব্রাহামকে চুক্তিভুক্ত করার চেষ্টা করে এভারটন, কিন্তু তাদের কাউকেই রাজি করানো যায়নি।

শেষপর্যন্ত বালোগুনই ছিলেন ভরসা, তবে তার এই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত এভারটনের পরিকল্পনায় বড় ধাক্কা দিয়েছে। বালোগুনকে না পাওয়ার হতাশার মাঝেও সমর্থকদের জন্য বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছেন জ্যাক গ্রিলিশ। ম্যানচেস্টার সিটি থেকে আবারও এক মৌসুমের ধারের চুক্তিতে এভারটনে যোগ দিয়েছেন ৩০ বছর বয়সী এই ইংলিশ তারকা। গত ২০২৫-২৬ মৌসুমেও তিনি ধারে এভারটনে খেলে ২০ ম্যাচে ২ গোল ও ৬টি অ্যাসিস্ট করেছিলেন।

সে সময় পায়ের চোটের কারণে জানুয়ারি মাসেই তার মৌসুম শেষ হয়ে গেলেও গুডিসন পার্কে তিনি ছিলেন ভীষণ জনপ্রিয়। ঘরের ছেলে হয়ে ওঠার অভিজ্ঞতায় উদ্বেলিত হয়ে গ্রিলিশ বলেন, ‘ফুটবল বলুন আর জীবন—ভালোবাসা পেলেই সেরাটা দেওয়া যায়। কোচ, সতীর্থ এবং বিশেষ করে ভক্তরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তা অতুলনীয়। সেই প্রথম লিডস ম্যাচের পর থেকে এভারটন সমর্থকেরা আমাকে যেভাবে আপন করে নিয়েছে, আমি সারা জীবন তা মনে রাখব।’

চোট কাটিয়ে কিছুদিন আগে ম্যানসিটির একাদশেও দেখা গিয়েছিল এই ইংলিশ তারকাকে, তবে শেষ পর্যন্ত ডেভিড ময়েসের অধীনে খেলার সিদ্ধান্তই নিলেন তিনি।

Mahfuzur Rahman

Publisher & Editor