বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে পিছিয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। পয়েন্ট তালিকায় এখন পঞ্চম স্থানে রয়েছে শুভমান গিলরা।
ফলে শেষ দুই টেস্ট সিরিজ, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল গঠন ও প্রস্তুতিতে কোনও কমতি রাখতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশেষত বর্ডার-গাভাস্কর ট্রফির আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাচ খেলে ব্যাটারদের প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে গিল। সেই প্রস্তুতির জন্য স্পিনিং পিচ চাইছেন টেস্ট দলের অধিনায়ক।
ঘরের মাঠে স্পিন-সহায়ক উইকেটে খেলে আগেও বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট দল।
হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের বিরুদ্ধেও। এবার বর্ডার-গাভাস্কর ট্রফির আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে খেলে প্রস্তুতি সারতে চায় ভারত।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শুভমান গিল প্রস্তাব দিয়েছেন, অস্ট্রেলিয়া ‘এ’র বিরুদ্ধে পুদুচেরিতে চলতি মাসে ভারতীয় ব্যাটারদের পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিসের সুযোগ দেওয়া হোক। বিশেষত এমন পিচে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে বল আরো বেশি ঘুরবে।
কারণ, ঘরের মাঠে গত দু’বছরে স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স ভালো নয়।
এই নিয়ে মুখ খুলেছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। তিনি জানিয়েছেন, গত দু’বছরে ঘরের মাঠে স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা সেরা ছন্দে ছিল না। গিল প্রস্তাব দিয়েছেন, কয়েকজন ব্যাটারকে যদি অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাচ খেলার সুযোগ দেওয়া যায় এবং ম্যাচের সময় পিচে যদি কিছুটা টার্ন থাকে, তা হলে বর্ডার-গাভাস্কর ট্রফির প্রস্তুতিতে সাহায্য হবে।
তবে অস্ট্রেলিয়া দলের প্রস্তুতির কথা ভেবে একেবারে অতিরিক্ত স্পিন-সহায়ক পিচ তৈরি করা হবে না বলেই মনে করা হচ্ছে।
তবে এই পরিকল্পনা সত্যি করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ব্যস্ত সূচি। কারণ অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে পাওয়া কঠিন হতে পারে।
বোর্ড জানিয়েছে, প্রধান সমস্যা হল সূচি। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাচের জন্য খুব কম টেস্ট ক্রিকেটারকে পাওয়া যাবে। কারণ, ইরানি কাপে বেশির ভাগ খেলোয়াড় ব্যস্ত থাকবে ওই সময়। এতে ক্রিকেটাররা ভারতের ‘এ’ দলের হয়ে খেললে সেটা সম্ভব হবে না। ফলে ইরানি ট্রফির ম্যাচটির মানও খারাপ হতে পারে।
অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দু’টি চার দিনের ম্যাচ খেলার কথা ভারতীয় ‘এ’ দলের। লাল বলের ক্রিকেটে এই দুটো ম্যাচ খেলা হবে ২২-২৫ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ম্যাচটি হবে ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর। অন্য দিকে, ইরানি কাপ হবে শ্রীনগরে ১ থেকে ৫ অক্টোবর।
ফলে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের সঙ্গে ইরানি কাপের সূচির সংঘাত হচ্ছে। তাই নির্বাচকদের হাতে খুব বেশি বিকল্পও থাকছে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৭ সালের জানুয়ারিতে বর্ডার-গাভাসকর ট্রফির আগে ভারতীয় টেস্ট ক্রিকেটারদের লাল বলে পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিসের সুযোগ খুব কম থাকছে।
Publisher & Editor