যারা বাইক চালান বা নিয়মিত বাইকে যাতায়াত করেন—এমন মানুষের জন্য হেলমেট নিত্যদিনের সঙ্গী। মাথাকে আঘাত থেকে রক্ষা করতে এর বিকল্প নেই। তবে নিরাপত্তার পাশাপাশি চুল ও মাথার ত্বকের যত্নেও কিছু বিষয় খেয়াল রাখা দরকার।
হেলমেট ব্যবহারের কারণে চুল পড়া নিয়ে অনেকেরই দুশ্চিন্তা থাকে। অতিরিক্ত টাইট হেলমেট, মাথায় ঘর্ষণ ও দীর্ঘ সময় চাপ থাকলে চুলের গোড়ায় টান পড়তে পারে।
ভেজা চুলে হেলমেট নয়
গোসলের পর চুল ভালোভাবে শুকিয়ে তারপর হেলমেট পরা উচিত। মাথার ত্বকও পরিষ্কার ও শুকনো রাখা জরুরি। নিয়মিত মাথার ত্বক পরিষ্কার রাখলে চুল ও ত্বকের বিভিন্ন সমস্যা কমাতে সাহায্য করতে পারে।
অতিরিক্ত টাইট হেলমেট এড়িয়ে চলুন
হেলমেট মাথায় ঠিকমতো বসা জরুরি। তবে সেটি যেন অতিরিক্ত আঁটসাঁট না হয়। খুব বেশি চাপ বা ঘর্ষণের কারণে দীর্ঘদিন চুলের গোড়ায় টান পড়তে পারে। এতে চুল পড়ার একটি ধরন দেখা দিতে পারে, যেখানে টানের কারণে চুলের গোড়া দুর্বল হয়ে যায়।
হেলমেট পরিষ্কার রাখুন
হেলমেটের ভেতরে ঘাম, ধুলা ও তেল জমে থাকতে পারে। নিয়মিত পরিষ্কার না করলে মাথার ত্বকে অস্বস্তি, জ্বালাপোড়া বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।
হেলমেট খোলার সময় চুলে টান নয়
হেলমেট পরা বা খোলার সময় চুল আটকে গেলে জোর করে টান দেওয়া ঠিক নয়। ধীরে ও সাবধানে হেলমেট খুলতে হবে। বারবার চুলের গোড়ায় টান পড়লে দীর্ঘমেয়াদে চুলের ক্ষতি হতে পারে।
অন্যের হেলমেট ব্যবহারে সতর্ক থাকুন
সম্ভব হলে নিজের হেলমেট নিজেই ব্যবহার করুন। বিশেষ করে মাথার ত্বকে কোনো সংক্রমণ বা ছত্রাকজনিত সমস্যা থাকলে অন্যের সঙ্গে হেলমেট ভাগাভাগি না করাই ভালো।
চুল পড়ার জন্য শুধু হেলমেট দায়ী নয়
চুল পড়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। বংশগত কারণ, হরমোনের পরিবর্তন, মানসিক চাপ, পুষ্টির ঘাটতি কিংবা বিভিন্ন শারীরিক সমস্যাও চুল পড়ার জন্য দায়ী হতে পারে। হঠাৎ চুল পড়ার পরিমাণ বেড়ে গেলে কিংবা মাথার নির্দিষ্ট জায়গায় ফাঁকা হয়ে যেতে শুরু করলে কারণ জানতে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।
Publisher & Editor