শনিবার, ২২ আগস্ট ২০২৬

এবার সালমান শাহ হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন ডলি জহুর

প্রকাশিত: ১২:৫৫, ২২ আগস্ট ২০২৬ | ২৪

ঢালিউডের ক্ষণজন্মা সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালতে হত্যা মামলা করা হয়। এ মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা ও অপরাধ নির্ধারণ হবে। 

এদিকে সালমান শাহর মৃত্যু মামলার তদন্তকাজ চলমান রয়েছে। তা সত্ত্বেও অভিনেত্রী ডলি জহুরসহ সিনেমাঙ্গনের আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তদন্তে প্রয়োজন হলে ডলি জহুরসহ কয়েকজনকে আসামি করার কথাও বিবেচনা করতে পারেন বলে জানিয়েছেন তিনি।

নীলা চৌধুরী বলেন, সালমান শাহর মৃত্যুর দিনের ঘটনা সম্পর্কে অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। 

তিনি বলেন, যেদিন সালমান শাহকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করছেন, সেদিনের ঘটনা সম্পর্কে ডলি জহুর অনেক কিছু জানেন। বিভিন্ন সময় গণমাধ্যমেও তিনি ওই দিনের ঘটনা নিয়ে কথা বলেছেন। তাই তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। পাশাপাশি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকের সঙ্গে ডলি জহুরের যোগাযোগের বিষয়টিও তদন্ত করে দেখা উচিত বলে মনে করছেন নীলা চৌধুরী। 

অভিনেত্রী ডলি জহুর ছাড়াও পরিচালক বাদল খন্দকারের নাম উল্লেখ করে নীলা চৌধুরী বলেন, তাদের কাছ থেকেও মৃত্যুর ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। 

তিনি বলেন, তদন্তে প্রয়োজন মনে হলে তাদের সে বিষয়েও পদক্ষেপ নিতে পারেন। তার দাবি, ডলি জহুর ও বাদল খন্দকারসহ কয়েকজন ব্যক্তি সালমান শাহর মৃত্যুর ঘটনা সম্পর্কে অনেক কিছু জানেন এবং সত্য উদ্ঘাটনে তাদের বক্তব্য নেওয়া জরুরি।

এদিকে সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর দায়ের হওয়া হত্যা মামলাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মামলার অন্যতম আসামি অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে সম্প্রতি গ্রেফতারের পর তদন্তের পরিধি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন নীলা চৌধুরী।

গত ১০ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে আটক করা হয়। তাকে আটক করতে অভিনেতা ডিপজলের সহায়তার কথাও আলোচনায় আসে। ডিপজলের সঙ্গে সরাসরি কথা না হলেও তাকে মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। 

তিনি বলেন, সালমান শাহর মৃত্যুর সময় চলচ্চিত্রাঙ্গনে সক্রিয় থাকা অনেকের কাছেই সেই সময়ের বিভিন্ন ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, যা তদন্তে সহায়ক হতে পারে। একই সঙ্গে ডনকে ধরিয়ে দিতে সহায়তা করায় ডিপজলকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। 

চলতি বছরের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ডনের ভোট দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী। এ ঘটনায় চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি শিবা শানুর বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি। একজন হত্যা মামলার আসামি কীভাবে এফডিসিতে এসে ভোট দেন এবং তাকে কেউ সহায়তা করেছেন কিনা, সেসব বিষয়ও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন নীলা চৌধুরী।

উল্লেখ্য, সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামিরা চৌধুরী ছাড়াও আছেন— সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রিজভী আহমেদ প্রমুখ।

Mahfuzur Rahman

Publisher & Editor