শনিবার, ২২ আগস্ট ২০২৬

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে খেলবে বাংলাদেশ

প্রকাশিত: ১২:৫২, ২২ আগস্ট ২০২৬ | ১৬

আট দল নিয়ে ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় হবে আসিয়ান কাপ। আসিয়ান অঞ্চলের ছয় দলের সঙ্গে এই টুর্নামেন্টে খেলবে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পাকিস্তান। যদিও শুরুতে এই দুই দেশ আমন্ত্রণ পায়নি এই টুর্নামেন্টে।

পাকিস্তানের সুযোগ হয় চীন নিজেদের প্রত্যাহার করে নেওয়ায়। আর শেষ মুহূর্তে ভারত সরে দাঁড়ালে বিকল্প হিসেবে আলোচনায় আসে বাংলাদেশ। গত সপ্তাহে বাফুফের একাধিক কর্মকর্তা আসিয়ান কাপে খেলার আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছিলেন।

গত শুক্রবার বাফুফের জাতীয় দল কমিটি জরুরি সভা করে আসিয়ান কাপে খলার সম্মতি দেয়। এরপর থেকে অপেক্ষা ছিল ফিফার আনুষ্ঠানিক সম্মতির। 

গত এক সপ্তাহ আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনেক কথা হয়েছে। কোচ থমাস ডুলি হোমে টুর্নামেন্টে খেলার আগ্রহ দেখালেও আসিয়ান কাপে খেলতে সম্মতি দিয়েছিলেন। বাফুফের এই টুর্নামেন্ট খেলতে কোনো খরচই হবে না। তাই সবাই আগ্রহে ছিল কখন আসবে ফিফার আনুষ্ঠানিক অনুমোদন। সেটা আসায় এখন আর কোনো অনিশ্চয়তা নেই।

এই টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। গ্রুপ পর্বে সেরা হলে বাংলাদেশ খেলবে ফাইনালে। নইলে তারা সুযোগ পাবে স্থানীয় নির্ধারণী ম্যাচ খেলার।

Mahfuzur Rahman

Publisher & Editor