শুক্রবার, ২০ মার্চ ২০২৬

এক ভিডিও আর কতবার ভাইরাল করবেন : ভাবনা

প্রকাশিত: ০৬:৪৯, ২০ মার্চ ২০২৬ |

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের একাধিক নাটক উপহার দিয়েছেন। তিনি ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন।

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। এবার এক পোস্টে লিখেছেন, ‘আপনারা এক ভিডিও আর কতবার ভাইরাল করবেন। যে ভিডিও ভাইরাল করছেন, সেটিও যেমন স্টেজে আমার নৃত‍্যনাট‍্যের একটি অংশ। আমি নাচের কাপড় পরে আছি। মুক্তিযুদ্ধের নৃত‍্যনাট‍্য। নৃত‍্যনাট‍্য কী, সেটা গুগলে সার্চ করে নেবেন। আবার এখন যেসব রাজনৈতিক মানুষের সাথে আমার ছবি দেখছেন, সেটিও ঈদের অনুষ্ঠানের।’

এক বিন্দু সুবিধা নিইনি দাবি করে ভাবনা বলেন, ‘৫০ মিনিটে তাদের সাথে কী কী কথা হয়েছে, সব টেলিভিশনে দেখতে পারবেন। অনেকদিন চুপ ছিলাম। একজন শিল্পী হিসেবে আমি জীবনেও কারও কাছ থেকে এক বিন্দু সুবিধা নিইনি। তবুও যেভাবে আমি বুলিং, অপমান থেকে শুরু করে আরও ভয়ংকর অনেক কিছুর শিকার হয়েছি, তা বলব কোনো একদিন।’

‘আমাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে লাভ নেই। আমি একজন শিল্পী, আমি কাজ করব। সবার সাথেই কাজ করব। যেমন একজন ব্যবসায়ী সবার সাথে কাজ করে, যেমন একজন চাকরিজীবী সবসময় কাজ করে। একজন শিল্পী হিসেবে আমাকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডাকলে আমি যাব, আমি কাজ করব।’

শেষে লিখেছেন, ‘আমি কোনো দলের হয়ে কাজ করিনি, রাজনীতির প্রতি কোনো আগ্রহ নেই, ছিলও না। ভবিষ্যতে হলে অবশ্যই আপনারা জানবেন। আমি কেবলমাত্র একজন শিল্পী হয়ে থাকতে চাই। অনেক পেছনে লাগছেন, এবার একটু আমাকে কাজ করতে দিন। ছবি আঁকতে দিন, কবিতা লিখতে দিন।’

Mahfuzur Rahman

Publisher & Editor