শুক্রবার, ২০ মার্চ ২০২৬

মৌসুমের শেষ দিকে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৬:৪৪, ২০ মার্চ ২০২৬ |

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। দলের প্রথম গোলরক্ষক থিবো কোর্তোয়া হাঁটুর চোটে ছিটকে গেছেন প্রায় ছয় সপ্তাহের জন্য।

ক্লাবের মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, কোর্তোয়ার ডান পায়ের কোয়াড্রিসেপসের রেক্টাস ফেমোরিস মাংসপেশিতে চোট ধরা পড়েছে। ফলে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে।

এই চোটের কারণে আগামী মাসে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগেই পাওয়া যাবে না এই বেলজিয়ান তারকাকে।
মঙ্গলবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে অস্বস্তি অনুভব করার পর চোটে পড়েন কোর্তোয়া। ম্যাচের দ্বিতীয়ার্ধে তাকে বদলি করে মাঠে নামানো হয় আন্দ্রি লুনিনকে।

এদিকে চোটের মিছিল যেন থামছেই না রিয়াল শিবিরে।

ইতিমধ্যেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, রদ্রিগো এবং এদের মিলিতাও ইনজুরির সঙ্গে লড়ছেন।
লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে থাকা রিয়ালের জন্য কোর্তোয়ার অনুপস্থিতি বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। কোচ আলভারো আরবেলোয়ার জন্যও এটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে।

Mahfuzur Rahman

Publisher & Editor