শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ইসরায়েল আর ইরানের গ্যাসক্ষেত্রে হামলা চালাবে না: ট্রাম্প

প্রকাশিত: ০৬:২৫, ২০ মার্চ ২০২৬ |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রে আক্রমণ চালিয়েছে ইসরায়েল। তবে ইরান প্রতিশোধমূলক হামলা না চালালে ইসরায়েলও আর এ ধরনের কাজ করবে না। 

নিজের  সামাজিকমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে তিনি এ কথা জানান। 

বুধবার ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার পর তেলের দাম আরও বেড়ে গেছে। পুরো উপসাগরীয় অঞ্চলে তেল, গ্যাস স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। ইতোমধ্যে কাতার ও সৌদি আরবে হামলা হয়েছে। 

যুদ্ধের এই তীব্রতা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন তৈরি করেছে। 

ট্রাম্প তার পোস্টে হুমকি দিয়ে বলেন, 'কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় ইরান যদি কোনো প্রতিশোধমূলক হামলা চালায়, সে ক্ষেত্রে ইসরায়েলের সহায়তা বা সম্মতি থাকুক আর না থাকুক, যুক্তরাষ্ট্র একাই পুরো সাউথ পার্স গ্যাসক্ষেত্র বিস্ফোরণে উড়িয়ে দেবে।'

ট্রাম্প বলেন, 'আমি এই পর্যায়ের সহিংসতা বা ধ্বংসযজ্ঞের অনুমতি দিতে চাই না। কারণ ইরানের ভবিষ্যতের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে। কিন্তু কাতারের এলএনজি স্থাপনায় যদি আবার হামলা হয়, তবে আমি এটি করতে দ্বিধা করব না।'

ট্রাম্পের এ পোস্টের আগে বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি জানায়, বৃহস্পতিবার ভোরে তাদের বেশ কয়েকটি এলএনজি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে সেখানে আগুন লাগার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কাতার এনার্জির এই বক্তব্যের আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।

উল্লেখ্য, ইরান ও কাতারের যৌথ মালিকানাধীন ‘সাউথ পার্স’ বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র এবং এটি ইরানের অভ্যন্তরীণ জ্বালানি শক্তির সবচেয়ে বড় উৎস।

Mahfuzur Rahman

Publisher & Editor