শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

এবারের ঈদে যেমন পাঞ্জাবি চলছে

প্রকাশিত: ০৯:১৫, ১৩ মার্চ ২০২৬ |

অনলাইন, অফলাইন—সব জায়গায় শুরু হয়ে গিয়েছে পাঞ্জাবির খোঁজ। ঠিক কোন ধরনের পাঞ্জাবি এবারের ঈদে সবার পছন্দ, সেটাই দেখে নেওয়া যাক।

পবিত্র রমজানের আগে থেকেই ঈদের নতুন পাঞ্জাবি কেনার হিড়িক পড়ে যায়। ফ্যাশন হাউসগুলোর মতে, দুই ঈদেই বিক্রি হয় বছরের প্রায় ৮০ ভাগ পাঞ্জাবি। তাই প্রতিটি ফ্যাশন হাউসই নিজেদের সেরাটা নিয়ে হাজির হয় ঈদের বাজারে। আর বেশ কয়েক বছর ধরে পাঞ্জাবির জন্য দোকানে দোকানে না ছুটে, অনেকে বেছে নেন অনলাইন শপিং।

স্ক্রল করেই নিজের পছন্দের পাঞ্জাবি খুঁজে নেন। অনলাইনে হাতের স্পর্শ পাওয়া না গেলেও বিভিন্ন ডিজাইন থেকে বেছে নেওয়ার সুযোগ থাকে সবার কাছে। মোটকথা অনলাইন, অফলাইন—সব জায়গায় শুরু হয় পাঞ্জাবির খোঁজ। ঠিক কোন ধরনের পাঞ্জাবি এবারের ঈদে সবার পছন্দ, সেটাই দেখে নেওয়া যাক।

কেমন পাঞ্জাবি চলছে
রমজান মাসের শুরুতে শীতের একটা আবহ থাকলেও যত দিন গড়িয়েছে, বেড়েছে তাপমাত্রা। ধারণা করা যাচ্ছে, ঈদের সময়টাতেও রোদ থাকবে চড়া। ফলে ঈদের পাঞ্জাবি হিসেবে সবার পছন্দের তালিকায় থাকছে হালকা রঙের সুতির পাঞ্জাবি। সুতির পাশাপাশি সিল্ক, লিনেন, রেমি কটনের চাহিদাও আছে।

তবে জেন–জি এবং তরুণদের মধ্যে একটি পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। নিত্যনতুন নকশার থেকে তাঁরা পছন্দ করছেন সাদামাটা পাঞ্জাবি, যেটা পরে নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আবার দৈনন্দিন কাজও করতে পারবেন। যে কারণে বিশাল নকশার তুলনায় হালকা কাজ করা পোশাকের জনপ্রিয়তা বাড়ছে। ফ্যাশন হাউসগুলোতেও তাই হালকা কাজের পাঞ্জাবি বেশি দেখা যাচ্ছে।

পুরো পোশাকে কাজ করা পাঞ্জাবি তাই কিছুটা পিছিয়ে আছে। বদলে এখন পাঞ্জাবির কলার, কাঁধ, হাত ও বুকে দেখা যাচ্ছে সূক্ষ্ম নকশার ডিজাইন। এ ছাড়া এখনকার পাঞ্জাবিতে রয়েছে বিভিন্ন ধরনের কাট। কোনো পাঞ্জাবি হাঁটু ছাড়িয়ে গেছে, কোনটা আবার হাঁটু পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতেই শেষ হয়ে গেছে। এ ছাড়া বাজারে মিলছে ফ্রন্ট কাট, অ্যাসিমেট্রিক কাটসহ নানা ধরনের পাঞ্জাবি।

জুতায় পছন্দ
ঈদে তো শুধু পাঞ্জাবি কিনলেই হয় না, পাঞ্জাবির সঙ্গে চাই মানানসই আনুষঙ্গিক জিনিস। ঈদে পাঞ্জাবির সঙ্গে ট্র্যাডিশনাল পায়জামা অথবা সেমি-ফিটেড ট্রাউজারই বেশি জনপ্রিয়। অনেকেই আবার পাঞ্জাবির সঙ্গে বেছে নেন জিনস।

তবে সেটা ঈদে খুব একটা দেখা যায় না। পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং করে পায়ে ফিতার স্যান্ডেল পরেন কেউ, অনেকে আবার বেছে নেন বেল্টযুক্ত স্যান্ডেল। কেউ কেউ আবার পাঞ্জাবির সঙ্গে স্নিকার্স কিংবা সু পরেও ঈদের দিন বের হন।

Mahfuzur Rahman

Publisher & Editor