শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মুসিয়ালাকে নিয়ে দুশ্চিন্তায় বায়ার্ন মিউনিখ

প্রকাশিত: ১০:৩৪, ২১ নভেম্বর ২০২৬ | ৮

শীতকালীন দলবদলের আরো অনেকটা সময় বাকি রয়েছে। এরই মাঝে ক্লাবগুলো নিজেদের দূর্বল জায়গায়গুলো পূরণে ছক কষা শুরু করেছে।

আসন্ন দলবদলের বাজারে আলোচনায় উঠে এসেছে জার্মানির তরুণ তারকা জামাল মুসিয়ালার নাম। 
সম্প্রতি বায়ার্ন মিউনিখের এই তরুণ জার্মান তারকার আকাশচুম্বী বেতন বহন করা ক্লাব কতৃপক্ষের পক্ষে সম্ভব নয় বলে এমন মন্তব্য সামনে এসেছে। বায়ার্ন কর্তৃপক্ষের এমন মন্তব্য ও তার চুক্তির ‘রিলিজ ক্লজ’ প্রকাশ্যে আসার পর দলবদলের বাজারে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এমন শঙ্কার মাঝেই তাকে দলে ভেড়াতে সতর্ক অবস্থানে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবগুলো।

২৩ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার গত গ্রীষ্মে মাত্র কয়েক দিনের ব্যবধানে মাঠে দুবার জ্ঞান হারিয়ে পড়ে যান। এরপর চিকিৎসকেরা তার ‘ফেইন্টিং কন্ডিশন’ বা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার শারীরিক জটিলতা শনাক্ত করেন। চলতি মৌসুমে বায়ার্নের জার্সিতে আটটি ম্যাচ খেললেও পেশির চোটের কারণে গত দুই মাস ধরে মাঠের বাইরে রয়েছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় জার্মান সংবাদমাধ্যম ‘স্কাই জার্মানি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বায়ার্নের সাবেক প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমেনিগে মুসিয়ালার ভবিষ্যৎ ও আর্থিক দিক নিয়ে খোলামেলা কথা বলেন।

তিনি বলেন, ‘মুসিয়ালার একটি স্বাস্থ্যগত সমস্যা রয়েছে। এটিও সবার জানা যে তাঁর চুক্তিতে বিশাল অঙ্কের অর্থের বিষয় জড়িত। একটি ক্লাব হিসেবে এই পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায়, তা আমাদের ভাবতে হবে। আমি মনে করি এটি দায়িত্বশীল এবং একদমই স্বাভাবিক বিষয়।’

মুসিয়ালার পুরোনো ছন্দে ফেরা নিয়েও সংশয় প্রকাশ করেছেন রুমেনিগে বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা যা জানতে পারছি, তাতে এই স্টেডিয়ামে সে আগে যে মানের খেলা দেখিয়েছে, সেই পর্যায়ে তাঁর ফিরে আসাটা বেশ কঠিন হবে।

আমাদের খেলোয়াড়, তাঁর পরিবার এবং সর্বোপরি তাঁর এজেন্সির সাথে কথা বলতে হবে; কারণ পূর্ণ সম্মান রেখেই বলছি, ওই বিপুল পরিমাণ অর্থ বহন করা তখন আর সম্ভব হবে না।’
 
তবে ক্লাব যে তাঁকে সেরা ফর্মে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করছে, সেটিও উল্লেখ করেন বায়ার্নের এই সাবেক কর্তা। রুমেনিগে যোগ করেন, ‘আমি মনে করি আমরা খেলোয়াড়ের পরিস্থিতি খুব সতর্কতার সাথে সামলেছি এবং আমরা সবাই চাই সে ফিরে আসুক—আদর্শভাবে সেরা ফর্মেই। কিন্তু যদি সেটি কাজ না করে, তবে কী হবে? তখন স্বাভাবিকভাবেই আমাদের আর্থিক দিকগুলোও বিবেচনায় নিতে হবে।’

বায়ার্ন মিউনিখের সাথে ২০৩০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ মুসিয়ালা বছরে প্রায় ২ কোটি ৯ লাখ পাউন্ড বেতন পান। জার্মান গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, তার এই চুক্তিতে একটি রিলিজ ক্লজ (নির্দিষ্ট অর্থের বিনিময়ে দলবদলের শর্ত) যুক্ত রয়েছে, যা আগামী ২০২৭ সাল থেকে কার্যকর হবে।

দীর্ঘদিন ধরেই মুসিয়ালার ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার গুঞ্জন চলছে। কেভিন ডি ব্রুইনের যোগ্য উত্তরসূরি হিসেবে ম্যানচেস্টার সিটিকে তাঁর সম্ভাব্য গন্তব্য বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আর্সেনাল ও লিভারপুলের দীর্ঘদিনের আগ্রহের তালিকায় রয়েছেন তিনি। এছাড়া তাঁর শৈশবের ক্লাব চেলসিও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

Mahfuzur Rahman

Publisher & Editor