শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ব্যালন ডি’অর জয় মানেই লম্বা সময়ের চোট—এ কেমন ‘অভিশাপ’

প্রকাশিত: ১০:৩০, ২১ নভেম্বর ২০২৬ | ৮

বিশ্বসেরা ফুটবলারের স্বীকৃতি ব্যালন ডি’অর। এই পুরস্কার জেতা যেকোনো ফুটবলারের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন।

 কিন্তু গত তিন বছরের ব্যালন ডি’অর জয়ীদের দিকে তাকালে চোখে পড়বে অদ্ভুত এক মিল। রদ্রি, উসমান দেম্বেলে ও হ্যারি কেইন—তিনজনই গুরুতর চোটের শিকার।

তাদের দুজন পুরস্কার জয়ের আগেই চোটে পড়েছিলেন এবং চোটকে সঙ্গী করে পুরস্কার নিতে গিয়েছিলেন। আরেকজনের চোট এসেছে পুরস্কার জয়ের কিছুদিন পর।

তবু তিন তারকার দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার ঘটনা জন্ম দিয়েছে এক অদ্ভুত ‘অভিশাপের’ আলোচনার।

২০২৪ সালের ব্যালন ডি’অর জিতেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। সেই সময় তিনি খেলতেন ম্যানচেস্টার সিটিতে।

তবে পুরস্কার হাতে ওঠার আগেই বড় ধাক্কা খেয়েছিলেন। 
ওই বছরের ২২ সেপ্টেম্বর আর্সেনালের বিপক্ষে ম্যাচে ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ও মেনিসকাসে চোট পান রদ্রি। অস্ত্রোপচারের পর প্রায় ৮ মাস মাঠের বাইরে থাকতে হয় তাকে। ক্রাচে ভর দিয়ে ব্যালন ডি’অর নিতে গিয়েছিলেন তিনি। 

২০২৫ সালের ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলের গল্পও অনেকটা একই।

ওই বছরের ২২ সেপ্টেম্বর পুরস্কার জয়ের আগে ৫ সেপ্টেম্বর ইউক্রেনের বিপক্ষে ফ্রান্সের হয়ে খেলতে গিয়ে ডান হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পান।
দেম্বেলের ক্লাব পিএসজি জানিয়েছিল, প্রায় ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ, ব্যালন ডি’অর জয়ের আগেই চোটের কারণে মাঠের বাইরে চলে গিয়েছিলেন ফরাসি তারকা।

এবার সেই তালিকায় হ্যারি কেইন। এ বছরের ২৬ অক্টোবর ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়েন ইংল্যান্ডের এই স্ট্রাইকার। কিন্তু এক মাসও হয়নি, এর মধ্যেই চোটের ধাক্কা। 
 
জার্মান বুন্দেসলিগায় গতকাল (২০ নভেম্বর) রাতে কোলনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের হয়ে খেলতে গিয়ে বাঁ গোড়ালির সিনডেসমোসিস লিগামেন্ট ছিঁড়ে যায় কেইনের। সেরে উঠতে দ্রুতই অস্ত্রোপচারের করাতে হবে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩ মাস মাঠের বাইরে থাকতে পারেন কেইন।

সর্বশেষ তিন বছরে তিন বিজয়ীর গুরুতর চোটের ঘটনা কাকতালীয় হলেও ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জাগছেই—ব্যালন ডি’অর জয়ের সঙ্গে কি চোটের কোনো অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছে? এটিকে তাই ‘নতুন অভিশাপ’ হিসেবে দেখা হচ্ছে। 

Mahfuzur Rahman

Publisher & Editor