শনিবার, ২১ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়াকে জেতালেন ভারতীয় বংশোদ্ভূত নিখিল

প্রকাশিত: ১০:৩১, ২১ নভেম্বর ২০২৬ | ৬

ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে নিখিল চৌধুরীর জীবনের গল্পে যোগ হলো আবেগের মুহূর্তও।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট তাকে জিজ্ঞেস করলেন, ‘দিল্লি থেকে ক্রিকেটের যাত্রা শুরু করে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার হয়ে ম্যাচসেরা হওয়ার স্বপ্ন কখনো দেখেছিলেন কি না?’

জবাবে নিখিল বললেন, ‘না, কখনোই এমনটা কল্পনা করিনি।

গত রাতে আমার মা-বাবা ভারত থেকে এসেছেন। তাদের সামনে ম্যাচসেরা হওয়ার চেয়ে ভালো কিছু হতে পারে না। এই প্রথম তারা আমার খেলা দেখতে এসেছেন।’
একসময় জন্মভূমি ভারতের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখতেন নিখিল চৌধুরী।

খেলেছেন দেশটির ঘরোয়া ক্রিকেটেও। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে বদলে যায় জীবনের গতিপথ। অস্ট্রেলিয়ায় গিয়ে সেখানেই থিতু হন। 
সেই নিখিল এবার অস্ট্রেলিয়ার জার্সিতে হয়ে উঠলেন জয়ের নায়ক।

তার অলরাউন্ড নৈপুণ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারাল অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে ব্যাট হাতে ৩৮ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে আসেন নিখিল। তার ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। 

এর আগে বল হাতে ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তার হাতে। অস্ট্রেলিয়া ১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান তুলে জয় নিশ্চিত করে।
দিল্লিতে জন্ম নেওয়া নিখিলের বয়স এখন ৩০ বছর। ভারতের পাঞ্জাব রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন ১৪টি সীমিত ওভারের ম্যাচ। সতীর্থ হিসেবে পেয়েছেন শুবমান গিল ও অভিষেক শর্মার মতো ক্রিকেটারদের। আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও ট্রায়াল দিয়েছিলেন।

২০২০ সালের মার্চে নিজের ২৪তম জন্মদিন উদযাপন করতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন নিখিল। এরপর করোনার কারণে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ হয়ে গেলে আর ভারতে ফেরা হয়নি তার। ব্রিসবেনে ক্লাব ক্রিকেটে সুযোগ খোঁজার পাশাপাশি মেক্সিকান রেস্তোরাঁয় কাজ করেছেন, পার্সেল পৌঁছে দেওয়ার কাজও করেছেন। পরে ২০২৩ সালে হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশে অভিষেক হয় তার।

গত জুনে বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি দিয়ে অস্ট্রেলিয়া জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল নিখিলের। তবে চট্টগ্রামে তিন ম্যাচের সিরিজে খুব একটা সুবিধা করতে পারেননি। প্রথম ম্যাচে ১৩ বলে ১৮, দ্বিতীয় ম্যাচে ৬ বলে ৮ রান করেন। তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। তিন ম্যাচে বল হাতে নিয়েছিলেন ২ উইকেট।

বাংলাদেশ সফরের সেই অনুজ্জ্বল পারফরম্যান্স পেছনে ফেলে এবার ইংল্যান্ডের বিপক্ষে নিজেকে নতুন করে চেনালেন নিখিল। অস্ট্রেলিয়ার হয়ে নিজের চতুর্থ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই পেলেন ক্যারিয়ারের অন্যতম সেরা স্বীকৃতি।

Mahfuzur Rahman

Publisher & Editor