বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনায় ‘রিপ্লাই ১৯৮৮’ অভিনেতা

প্রকাশিত: ০৮:২৪, ১৯ নভেম্বর ২০২৬ | ৮

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় টিভি সিরিজ ‘রিপ্লাই ১৯৮৮’-এর অভিনেতা গো কিয়ং পিয়ো মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনায় জড়িয়েছেন। এ ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন ৩৬ বছর বয়সী এই অভিনেতা।

এরই মধ্যে তার অভিনীত দুটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে পর্দায় উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিনেতার সংস্থা এ ঘটনার জন্য ক্ষমাও চেয়েছে।
নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ নভেম্বর শনিবার ভোরে দক্ষিণ কোরিয়ার সিউলের মাপো জেলার দংগিও-দং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিজের গাড়ি চালানোর সময় একটি সড়ক পরিষ্কারের কাজে ব্যবহৃত ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় গো কিয়ং পিয়োর গাড়ির।

ঘটনার পর পুলিশ তার শ্বাস পরীক্ষা করে। পরীক্ষায় রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১৫ শতাংশ। দক্ষিণ কোরিয়ায় গাড়ি চালানোর ক্ষেত্রে অনুমোদিত সীমা ০.০৩ শতাংশ।

দেশটিতে ০.০৮ শতাংশ বা তার বেশি অ্যালকোহলের মাত্রা পাওয়া গেলে চালকের লাইসেন্স বাতিল হতে পারে।
ঘটনার পর অভিনেতার সংস্থা সিএল অ্যান্ড কোম্পানি এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে তারা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। গো কিয়ং পিয়ো পুলিশের তদন্তে অংশ নিয়েছেন এবং বাড়ি ফিরেছেন। নিজের ভুল স্বীকার করে তিনি অনুতপ্ত।

এ ঘটনায় যে শাস্তি দেওয়া হবে, তা মেনে নেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণসহ প্রয়োজনীয় দায়িত্ব পালন করবেন।
 
এ ঘটনার প্রভাব পড়েছে অভিনেতার টেলিভিশন অনুষ্ঠানেও। তিনি বর্তমানে টিভিএনের ‘সিক্সথ সেন্স: বি সাইড’ এবং এমবিসির ‘হ্যাংআউট উইথ ইউ’ অনুষ্ঠানে যুক্ত রয়েছেন। দুটি অনুষ্ঠানেই তার পর্দায় উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘সিক্সথ সেন্স : বি সাইড’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ নভেম্বরের পর্ব এবং আসন্ন শেষ পর্বে গো কিয়ং পিয়োর দৃশ্য কমিয়ে দেওয়া হবে। দর্শকদের অস্বস্তি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অনুষ্ঠানটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অন্যদিকে, এমবিসির ‘হ্যাংআউট উইথ ইউ’ অনুষ্ঠানের বিশেষ পর্ব ‘৯৫ এমবিসি সিউল মিউজিক ফেস্টিভ্যাল’-এর সম্প্রচারেও সম্পাদনার মাধ্যমে তার উপস্থিতি কমানো হয়েছে।

তবে অভিনেতার হাতে থাকা আসন্ন প্রকল্পগুলো নিয়ে এখনো কোনো পরিবর্তনের ঘোষণা আসেনি। আগামী ২৯ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ‘দ্য ভিলেজ বারবার ২’। এ ছাড়া ২ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘গ্রেট এসকেপ: আরবান লিজেন্ডস’। এসব কাজে গো কিয়ং পিয়োর উপস্থিতি নিয়ে সংশ্লিষ্ট প্রযোজনা কর্তৃপক্ষ এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘রিপ্লাই ১৯৮৮’ সিরিজে সুং সন উ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান গো কিয়ং পিয়ো। সিরিজটির মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

Mahfuzur Rahman

Publisher & Editor