প্রখ্যাত সংগীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর ১৯তম প্রয়াণ দিবস আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। ২০০৭ সালের এই দিনে তিনি মারা যান।
প্রয়াণ দিবসে সহকর্মী ও বন্ধু সঞ্জীব চৌধুরীকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। পাশাপাশি দিনটি উপলক্ষে রাজধানীতে স্মরণানুষ্ঠান ও ট্রিবিউট কনসার্টের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে সঞ্জীব চৌধুরীকে স্মরণ করে বাপ্পা মজুমদার লেখেন, ‘১৯টা বছর হয়ে গেল! আপনি নাই সঞ্জীব দা! সময় কীভাবে চলে যায়! আপনি তবুও অমলিন! চিরঞ্জীব!’
সঞ্জীব চৌধুরী ও বাপ্পা মজুমদার ১৯৯৬ সালে যৌথভাবে গঠন করেন জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’। তাদের উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘আহ্’ (১৯৯৭), ‘হৃদয়পুর’ (২০০০), ‘আকাশচুরি’ (২০০২) ও ‘জোছনা বিহার’ (২০০৭)।
সঞ্জীব চৌধুরীর ১৯তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘সঞ্জীব সন্ধ্যা’র আয়োজন করা হয়েছে। এ ছাড়া তাকে শ্রদ্ধা জানাতে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে ‘হেঁটে গেছি বিরান পথে’ শীর্ষক একটি বিশেষ ট্রিবিউট কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে সংগীত পরিবেশন করবেন সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস।
Publisher & Editor