বাংলাদেশে গ্রেফতার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি, তাঁদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং বরখাস্ত সাংবাদিকদের সসম্মানে স্বপদে পুনর্বহালের দাবিতে নিউইয়র্কে মানববন্ধন করেছে ‘প্রবাসী সাংবাদিক ফোরাম’। গত ৭ নভেম্বর শনিবার অপরাহ্নে আয়োজিত এ কর্মসূচি থেকে সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক পিনাকি তালুকদার। বাংলাদেশে গণমাধ্যমের ওপর কথিত অঘোষিত দমন-পীড়ন এবং সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা সংকুচিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কর্মসূচির সঙ্গে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথ, ‘কক্ষপথ-৭১’-এর পক্ষে অ্যাডভোকেট মিয়া জাকির, বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, কমিউনিটি সংগঠক মোজাহিদ আনসারী, সোলায়মান আলী, অ্যাডভোকেট সোনিয়া সুলতানা, শেখ আবিদ হোসেন, পলাশ নন্দী ও মিনহাজ সাম্মুসহ অনেকে।
সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য দেন শাবান মাহমুদ, শিতাংশু গুহ, সাজ্জাদ হোসেন সবুজ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, শহীদুল হক জীবন, সুমী খান, শামিমা দৌলা, আব্দুল হামিদ ও অজিৎ ভৌমিকসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলায় আসামি করার হুমকি এবং বিভিন্ন ধরনের চাপের কারণে স্বাধীন ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে। তাঁদের দাবি, এ পরিস্থিতিতে সাংবাদিকদের মধ্যে ভীতি ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে গণমাধ্যমের স্বাধীনতার ওপর। তাঁরা আরও বলেন, ভিন্নমত প্রকাশকারীরা হামলা ও মব সহিংসতার শিকার হচ্ছেন এবং বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে।
বক্তারা সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর বিষয়টি উল্লেখ করে তাঁর মুক্তির দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, হয়রানি বন্ধ এবং পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
সভাপতির বক্তব্যে ফরিদা ইয়াসমিন প্রবাসে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সম্পৃক্ত করে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের ওপর চলমান দমন-পীড়ন নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজনের প্রস্তাব দেন। তিনি বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর আলোচনা ও উদ্যোগ প্রয়োজন। অন্যথায় বাংলাদেশে বিদ্যমান অমানবিক পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে।
মানববন্ধন থেকে সাংবাদিকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং বরখাস্ত সাংবাদিকদের সম্মানজনকভাবে পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করা হয়।
Publisher & Editor