মোল্লাবাড়ির বউ হয়েছে
শাঁকচুন্নির মেয়ে,
ঘোমটা মাথায় রাঁধছে বসে
নাকে গান গেয়ে।
শ্বশুর বলে, বউমা কোথায়?
জলদি বাড়ো ভাত,
হাঁড়ি আনতে বউয়ের হলো
লম্বা ন’ফুট হাত।
দৃশ্য দেখে তক্ষুনি হয়
শ্বশুরমশায় ফিট,
দৌড়ে এলো সাধু হরি
খুলতে ভূতের গিঁট।
মন্ত্র পড়ে হরিহরণ
ইটিং টিটিং ছট,
খোলস খুলে পেত্নিবধূ
তাকায় কটর মট।
বউ-ঝি হওয়ার শখ ছিল রে
দিলি রে তুই ফাঁকি,
সময় হলে বদলা নেব
জিন্দা যদি থাকি।
কাঁদতে কাঁদতে চলে গেল
এই কথাটা বলে,
আসল বউয়ের হদিস মেলে
শেওড়াগাছের তলে।
Publisher & Editor