বছরে মাত্র দুবার প্রয়োগ করতে হয়—এমন দীর্ঘমেয়াদি এইচআইভি প্রতিরোধী ওষুধ লেনাকাপাভিরের জেনেরিক সংস্করণের জন্য প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। ভারতের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড. রেড্ডিজ ল্যাবরেটরিজ এ অনুমোদন পেয়েছে। স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে এইচআইভি প্রতিরোধের ওষুধ আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এইডস ত্রাণবিষয়ক জরুরি পরিকল্পনা (পিইপিএফএআর)-এর আওতায় এ অনুমোদন দেওয়া হয়েছে। যৌন সংস্পর্শের মাধ্যমে এইচআইভি-১ সংক্রমণের ঝুঁকিতে থাকা অন্তত ৩৫ কেজি ওজনের প্রাপ্তবয়স্ক ও কিশোর-কিশোরীদের জন্য তৈরি হয়েছে এই জেনেরিক ইনজেকশন।
যুক্তরাষ্ট্রভিত্তিক গিলিয়েড সায়েন্সেসের দেওয়া স্বেচ্ছা-লাইসেন্সের আওতায় ১২০টি দেশে প্রতি ব্যক্তির জন্য বছরে ৪০ ডলারে ইনজেকশনটি সরবরাহের পরিকল্পনা রয়েছে। ২০২৬ সালের শেষ নাগাদ প্রথম চালান বিভিন্ন দেশে পৌঁছানোর কথা। ২০২৭ সালে আরও বিস্তৃত পরিসরে ওষুধটি সরবরাহের পরিকল্পনা রয়েছে।
লেনাকাপাভির কী, কীভাবে এইচআইভি প্রতিরোধ করে?
লেনাকাপাভির একটি দীর্ঘমেয়াদি অ্যান্টিভাইরাল ওষুধ, যা মূলত গিলিয়েড সায়েন্সেস তৈরি করেছে। এটি এইচআইভি-১ ক্যাপসিড ইনহিবিটর শ্রেণির ওষুধ। শরীরে এইচআইভির বংশবিস্তার ও ছড়িয়ে পড়া ঠেকাতে ভাইরাসের জীবনচক্রের একাধিক পর্যায়ে কাজ করে লেনাকাপাভির। অন্য অনেক অ্যান্টিভাইরাল ওষুধ ভাইরাসের জীবনচক্রের একটি নির্দিষ্ট পর্যায়কে লক্ষ্য করে কাজ করে।
এই ওষুধ এইচআইভির চিকিৎসা ও প্রতিরোধ—দুই ক্ষেত্রেই ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। তবে ব্যবহারের উদ্দেশ্য অনুযায়ী এর প্রয়োগপদ্ধতি ও মাত্রা ভিন্ন। এইচআইভি প্রতিরোধে বছরে দুবার ইনজেকশন হিসেবে প্রয়োগ করা হয়। ফলে প্রতিদিন প্রতিরোধী ওষুধ খেতে অসুবিধা হয়—এমন ব্যক্তিদের জন্য এটি সুবিধাজনক বিকল্প হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) এইচআইভি প্রতিরোধের নির্দেশিকায় বছরে দুবার প্রয়োগযোগ্য লেনাকাপাভির ইনজেকশনের সুপারিশ করেছে। বৈজ্ঞানিক অগ্রগতির গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে সাময়িকী সায়েন্স ২০২৪ সালের ‘বছরের সেরা বৈজ্ঞানিক অগ্রগতি’ হিসেবে ওষুধটিকে স্বীকৃতি দেয়।
এফডিএর অনুমোদন কেন গুরুত্বপূর্ণ?
এফডিএর প্রাথমিক অনুমোদনের ফলে যোগ্য দেশগুলোতে ড. রেড্ডিজের সাশ্রয়ী জেনেরিক সংস্করণ সরবরাহের পথ তৈরি হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে গিলিয়েড সায়েন্সেস ড. রেড্ডিজকে স্বেচ্ছা-লাইসেন্স দেওয়ার পর এ উদ্যোগ এগিয়ে যায়।
২০২৫ সালের সেপ্টেম্বরে পণ্য উন্নয়ন, নিয়ন্ত্রক প্রক্রিয়া এবং ওষুধটির বিস্তৃত প্রাপ্যতা নিশ্চিত করতে ইউনিটেইড, উইটস রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড এইচআইভি ইনস্টিটিউট (উইটস আরএইচআই) এবং ক্লিনটন হেলথ অ্যাকসেস ইনিশিয়েটিভের (সিএইচএআই) সঙ্গে চুক্তি করে ড. রেড্ডিজ।
সিএইচএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা নিল বাডি শাহ বলেন, এইচআইভি প্রতিরোধের পদ্ধতি সহজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘এইচআইভির ঝুঁকিতে থাকা একজন ব্যক্তিকে এমন একটি রোগ প্রতিরোধের জন্য প্রতিদিন ওষুধ খেতে বলা কঠিন, যে রোগটি তার নেই। বছরে দুবার ইনজেকশন—যে ওষুধটি এইচআইভি প্রতিরোধে প্রায় ১০০ শতাংশ কার্যকর—এই বাস্তবতা পুরোপুরি বদলে দেয়।’
তিনি আরও জানান, আফ্রিকায় ইতোমধ্যে ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ লেনাকাপাভির ব্যবহার শুরু করেছেন। জেনেরিক সংস্করণের অনুমোদনের ফলে আরও লাখো মানুষের কাছে ওষুধটি পৌঁছানোর সুযোগ তৈরি হতে পারে।
বছরে দুবারের ইনজেকশন কীভাবে এইচআইভি প্রতিরোধে সহায়তা করবে?
এইচআইভি প্রতিরোধের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নিয়মিত প্রতিরোধী ওষুধ গ্রহণ নিশ্চিত করা। সম্ভাব্য সংস্পর্শের আগে এইচআইভি সংক্রমণের ঝুঁকি কমাতে ওষুধ গ্রহণের পদ্ধতিকে প্রি-এক্সপোজার প্রফিল্যাক্সিস বা প্রিইপি (PrEP) বলা হয়।
প্রতিদিন খাওয়ার প্রিইপি কার্যকর হলেও জীবনযাপন, ওষুধের প্রাপ্যতা, গোপনীয়তা কিংবা নিয়মিত ওষুধ গ্রহণের অভ্যাস বজায় রাখার অসুবিধার কারণে অনেকের জন্য তা কঠিন হতে পারে। বছরে দুবার ইনজেকশন এসব বাধা কমাতে সহায়তা করতে পারে।
কম মাত্রায় ওষুধ গ্রহণ: প্রতিদিন প্রতিরোধী ওষুধের বদলে বছরে দুবার ইনজেকশন নিলেই চলবে। এতে বারবার ওষুধ গ্রহণের প্রয়োজন কমবে।
সহজ ব্যবহার: প্রতিদিন ওষুধ খাওয়ার সময়সূচি মেনে চলতে অসুবিধা হয়—এমন ব্যক্তিদের জন্য দীর্ঘমেয়াদি ইনজেকশন সুবিধাজনক হতে পারে।
গোপনীয়তা: কেউ কেউ বাড়িতে প্রতিদিন এইচআইভি প্রতিরোধী ওষুধ রাখার পরিবর্তে বছরে দুবার ইনজেকশন নেওয়াকে বেশি পছন্দ করতে পারেন।
সহজলভ্যতা: বছরে ৪০ ডলারের পরিকল্পিত মূল্য সীমিত স্বাস্থ্যসেবা-সম্পদ থাকা দেশগুলোতে এ প্রতিরোধী পদ্ধতিকে আরও সহজলভ্য করতে পারে।
প্রতিরোধের বিকল্প: যারা প্রতিদিন খাওয়ার প্রিইপি নিতে চান না বা নিতে পারেন না, তাদের জন্য লেনাকাপাভির আরেকটি বিকল্প হতে পারে।
তবে লেনাকাপাভির শুরু করার আগে এবং প্রতিটি পরবর্তী ইনজেকশনের আগেও ব্যক্তির এইচআইভি-নেগেটিভ অবস্থা নিশ্চিত করতে হবে। ওষুধটি এইচআইভি প্রতিরোধের জন্য; যৌনবাহিত অন্যান্য সংক্রমণের ঝুঁকি কমানোর বিকল্প নয়।
ড. রেড্ডিজ ল্যাবরেটরিজের এপিআই ও সার্ভিসেস বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপক সাপ্রা বলেন, ‘ড. রেড্ডিজের সবার জন্য এটি অত্যন্ত গর্বের মুহূর্ত। জরুরি প্রয়োজনের ওষুধকে সাশ্রয়ী মূল্যে মানুষের কাছে পৌঁছাতে লেনাকাপাভিরের মতো জটিল দীর্ঘমেয়াদি ইনজেকশন তৈরি ও উৎপাদনের জন্য শক্তিশালী বৈজ্ঞানিক সক্ষমতা এবং উৎপাদন-দক্ষতার প্রয়োজন হয়েছে। যুক্তরাষ্ট্রের এফডিএর অনুমোদন সেই কাজের স্বীকৃতি এবং স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর মানুষের কাছে বছরে দুবারের এইচআইভি প্রতিরোধী ওষুধ পৌঁছে দেওয়ার পথে আমাদের আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।’
Publisher & Editor