বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ভারতীয় ক্রিকেটে শচীনের পছন্দের অধিনায়ক কে

প্রকাশিত: ০৫:৪৬, ০৪ নভেম্বর ২০২৬ | ১১

ভারতের অধিনায়ক হিসেবে নিজের সময়টা মোটেও ভালো কাটেনি বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের। নব্বইয়ের দশকে ভারতীয় ক্রিকেটের সেই সময়কে ‘অন্ধকার অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সম্প্রতি রেডিটে এক প্রশ্নোত্তর পর্বে নিজের অধিনায়কত্বের অভিজ্ঞতা ও পছন্দের অধিনায়কদের নিয়ে কথা বলেন এই কিংবদন্তি।

শচীনের পছন্দের ভারতীয় অধিনায়কদের তালিকায় সবার ওপরে রয়েছেন সৌরভ গাঙ্গুলী ও মহেন্দ্র সিং ধোনি। এই দুইজন ভারত ক্রিকেটের একাধিক সাফল্য ও গর্বের অংশ বলেও মনে করেন শচীন।

ভারতের নেতৃত্ব দেওয়া ছিল শচীনের কাছে বড় সম্মানের। তবে অধিনায়ক থাকাকালে দল নির্বাচনের ক্ষেত্রে নিজের পূর্ণ স্বাধীনতা ছিল না বলে জানিয়েছেন তিনি। শচীনের মতে, নব্বইয়ের দশকে ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যক্রম এখনকার মতো পেশাদার ছিল না। সে সময়ের পরিস্থিতি তার অধিনায়কত্বের পথচলাকে কঠিন করে তুলেছিল।

মাত্র ২৩ বছর বয়সে ১৯৯৬ সালের ১০ আগস্ট ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পান শচীন। মোহাম্মদ আজহারউদ্দিনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার পর পাকিস্তানের বিপক্ষে সাহারা কাপ ও শ্রীলংকার বিপক্ষে সিঙ্গার কাপ ছিল তার বড় পরীক্ষা। কিন্তু নেতৃত্বের শুরুটা ভালো হয়নি। দলের ধারাবাহিক ব্যর্থতায় ১৯৯৭ সালে অধিনায়কত্ব হারান তিনি। পরের বছর আবারও দায়িত্ব পেলেও ২০০০ সালে স্বেচ্ছায় সরে দাঁড়ান।

অধিনায়ক হিসেবে শচীনের পরিসংখ্যানও ছিল হতাশাজনক। তার নেতৃত্বে টেস্টে ভারতের জয়ের হার ছিল মাত্র ১৬ শতাংশ, ওয়ানডেতে ৩১ শতাংশ। ১৯৯৬-৯৭ মৌসুমে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের পাশাপাশি ১৯৯৯-২০০০ সালে অস্ট্রেলিয়া সফরেও কঠিন সময় পার করতে হয় ভারতীয় দলকে।

নিজের নেতৃত্বের অভিজ্ঞতা সুখকর না হলেও পরবর্তী সময়ে ভারতকে নেতৃত্ব দেওয়া সৌরভ গাঙ্গুলী ও মহেন্দ্র সিং ধোনির প্রতি বিশেষ শ্রদ্ধা রয়েছে শচীনের। তার পছন্দের অধিনায়কদের তালিকায় এই দুজনই সবার ওপরে। রেডিটের প্রশ্নোত্তরে শচীন বলেন, তার প্রিয় অধিনায়কদের মধ্যে গাঙ্গুলী ও ধোনি অবশ্যই শীর্ষে থাকবেন।

গাঙ্গুলীর নেতৃত্বে ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। অন্যদিকে, ধোনির অধিনায়কত্বে ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় দলটি। তাদের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট নতুন সাফল্যের উচ্চতায় পৌঁছায়।

এদিকে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার নেতৃত্বেরও প্রশংসা করেছেন শচীন। তার মতে, সামনে থেকে নেতৃত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকা দলকে দারুণ কিছু সাফল্য এনে দিয়েছেন বাভুমা। বিশেষ করে আইসিসি শিরোপা জয়ে তার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন ভারতীয় কিংবদন্তি।

সম্প্রতি বাভুমার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় টেস্টে নিজের ক্যারিয়ারসেরা ১৭৯ রানের ইনিংসও খেলেন প্রোটিয়া অধিনায়ক।

Mahfuzur Rahman

Publisher & Editor