বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি রউফের, জরিমানা হয়েছে ইংল্যান্ডেরও

প্রকাশিত: ০৬:৩৯, ২৮ অক্টোবর ২০২৬ | ৩০

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ইংল্যান্ডের বিপক্ষে লাহোরে ওয়ানডে ম্যাচে অসংযত আচরণের কারণে এই শাস্তি পান তিনি। অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় ইংল্যান্ড দলকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

ঘটনাটি ঘটে রোববার (২৫ অক্টোবর) পাকিস্তানের ইনিংসের ৪৬তম ওভার শেষ হওয়ার পর। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা হারিস রউফ ওয়াইডের আবেদন জানানোর পর ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সতর্ক করার পরও ব্যাট উঁচিয়ে তর্ক চালিয়ে যান পাকিস্তানি এই পেসার। পরে জ্যাকসের দিকে এগিয়ে যাওয়ার সময় আম্পায়ারকে পাশ কাটিয়ে যান তিনি।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়-সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের দায়ে রউফকে এই শাস্তি দেওয়া হয়েছে। ক্রিকেটের চেতনার পরিপন্থী আচরণসংক্রান্ত এই ধারায় গত ২৪ মাসে এটি তার তৃতীয় অপরাধ। নতুন করে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ায় তার মোট পয়েন্ট দাঁড়িয়েছে পাঁচে।

এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার কম বোলিং করায় শাস্তির মুখে পড়েছে ইংল্যান্ড। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। সেই নিয়মেই ইংল্যান্ডকে ১৫ শতাংশ জরিমানা দিতে হচ্ছে।

হারিস রউফ ও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক দুজনই নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। পাশাপাশি এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন তারা। ফলে এ ঘটনায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের দুই আম্পায়ার রশিদ রিয়াজ ও শরফুদ্দৌলা সৈকত, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ার নাসির হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Mahfuzur Rahman

Publisher & Editor