সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সালাহউদ্দিন লাভলুর নতুন যাত্রা

প্রকাশিত: ০৭:৫৯, ১৯ অক্টোবর ২০২৬ | ১১

ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু এবার নতুন যাত্রা শুরু করলেন। নিজস্ব চ্যানেলের মাধ্যমে তিনি স্বাধীনভাবে নাটক নির্মাণ ও প্রকাশের পথে হাঁটা শুরু করলেন। তার এই উদ্যোগে দর্শক নতুন কী গল্প ও নির্মাণশৈলী দেখতে পাবেন, এখন সেটিই দেখার অপেক্ষা।

এখন থেকে নিজের চ্যানেলের জন্যই নাটক নির্মাণ করবেন বলে জানিয়েছেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত?— এমন প্রশ্নের উত্তরে এ নির্মাতা বলেন, স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করতেই নিজস্ব ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নিয়েছি। 

সালাহউদ্দিন লাভলুর নিজস্ব ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে—‘সালাহউদ্দিন লাভলু ড্রামাস’। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে নাটক প্রকাশও শুরু করেছেন তিনি। বর্তমানে নিজের ইউটিউব চ্যানেলে ‘হৃদয়পোড়া গন্ধ’ সিরিজের প্রথম পর্ব ‘অন্ধ মা’ প্রকাশ করেছেন সালাহউদ্দিন লাভলু। পর্বটি লিখেছেন আসাদ সরকার। পরিকল্পনা অনুযায়ী, প্রতি বৃহস্পতিবার সিরিজটির একটি করে নতুন পর্ব প্রকাশ করা হবে।

এ নির্মাতা বলেন, ‘চাপমুক্ত হওয়ার জন্য বেসিক্যালি নিজের চ্যানেল ওপেন করা। মনে হলো স্বাধীনভাবে কাজ করা দরকার।’ 

এর আগে সালাহউদ্দিন লাভলুর নির্মিত ‘রঙের মেলা’, ‘ভবের হাট’, ‘সাকিন সারিসুরি’, ‘সোনার পাখি রুপার পাখি’র মতো নাটক দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এখনো দর্শক সেসব নাটক দেখেন এবং একই ধরনের গল্পে নতুন কাজের জন্য অনুরোধ জানান তাকে।

এ প্রসঙ্গে লাভলু বলেন, তার নাটক সব সময়ই তারকাবহুল ছিল এবং সেগুলো দর্শকের মধ্যে আলোচনা তৈরি করেছিল। এখনো অনেকে মন্তব্য করে আগের মতো নাটক নির্মাণের অনুরোধ জানান। কিন্তু বিভিন্ন কারণে সেভাবে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না তিনি। বর্তমান সময়ে নাটক নির্মাণের ক্ষেত্রে ভিউ ও ভাইরাল হওয়ার বাড়তি চাপ রয়েছে বলেও মনে করেন এ নির্মাতা। 

সালাহউদ্দিন লাভলু বলেন, এসব বিষয় নিয়ে পরিচালক হিসেবে মানসিক চাপে ছিলেন। সেই চাপ থেকে বেরিয়ে নিজের মতো করে কাজ করার লক্ষ্যেই ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নিয়েছেন।

Mahfuzur Rahman

Publisher & Editor