বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

প্রকাশিত: ০৬:৫৭, ১৪ অক্টোবর ২০২৬ | ১০

চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীকে (৬০) লাঠি দিয়ে মাথায় আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
 
সমু চৌধুরী ওই এলাকার মৃত আবুল কাশেম চৌধুরীর ছেলে।

স্থানীয়দের অভিযোগ, বাড়ির সামনে একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে সমু চৌধুরীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের কর্মচারী জাহাঙ্গীর ও হৃদয় লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পর দুপুর ১টা ২০ মিনিটের দিকে বাড়িতে ফিরেন তিনি।
 
এ বিষয়ে জানতে হামলাকারী ও আহত সমু চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, সমু চৌধুরীর মাথায় কাটা জখম রয়েছে।

ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে দুপুরে বাসায় ফিরে গেছেন তিনি।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, অভিনেতার ওপর হামলার ঘটনা সম্পর্কে কিছু জানি না। কেউ লিখিত অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Mahfuzur Rahman

Publisher & Editor