বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সিটির সামনে আজ ইউরোপের রাজা পিএসজি, যত রেকর্ডের সামনে হালান্ড

প্রকাশিত: ০৬:৫৪, ১৪ অক্টোবর ২০২৬ | ১১

রাত জেগে ম্যানচেস্টার সিটির খেলা সরাসরি দেখার সুযোগ যাদের হয় না, ম্যাচ শেষে তাদের মুখ থেকে ঘুরেফিরে একটি প্রশ্নেরই মুখোমুখি হতে হয়—‘হালান্ড গোল করেছেন তো?’ কথাটি যেন ফুটবলপ্রেমীদের এক অভ্যাসে পরিণত হয়েছে। আর অভ্যাসটা তো এমনি এমনি তৈরি হয়নি! প্রতিপক্ষের জালে বল পাঠানোটাকে নরওয়েজিয়ান এই গোলমেশিন এতটাই সহজ বানিয়ে ফেলেছেন যে, সিটি নামলেই ভক্তরা প্রথম এই খবরের খোঁজ নেন।

বয়স মাত্র ২৬। তবে টুর্নামেন্ট যেকোনোটিই হোক না কেন, নিজের গোলক্ষুধা দেখাবেন আর্লিং হালান্ড। ইউরোপের সেরাদের চ্যাম্পিয়ন্স লিগেও এর ব্যতিক্রম নয়।

আজ রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি।

দুই দলের তারকা ফুটবলারদের ছড়াছড়ির মধ্যেও আলাদা নজর থাকবে হালান্ডের ওপর। গত বছর জানুয়ারিতে পিএসজির বিপক্ষে সিটির ৪-২ গোলে হেরে যাওয়া ম্যাচেও গোল পেয়েছিলেন তিনি। আজ আবারও পুরোনো প্রতিপক্ষের বিপক্ষে জ্বলে উঠতে তৈরি এই গোলমেশিন।
ইউরোপীয় ফুটবলে হালান্ডের পরিসংখ্যান চোখ কপালে তোলার মতো।

চ্যাম্পিয়ন্স লিগে ৫৯ ম্যাচে মাঠে নেমে ৫৯টি গোল করেছেন তিনি। যার মধ্যে সিটির আকাশী-নীল জার্সিতে ৪০ ম্যাচে তার গোল সংখ্যা ৩৬। আজ পিএসজির বিপক্ষে আর একটি গোল করলেই তিনি ছাড়িয়ে যাবেন সার্জিও আগুয়েরোকে (৬৪ ম্যাচে ৩৬ গোল)। এতে এককভাবে ম্যানচেস্টার সিটির ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন এই ২৬ বছর বয়সী তারকা। বিশেষ করে টুর্নামেন্টের গ্রুপ ও লিগ পর্বে হালান্ড বেশ ভয়ংকর; ২০১৯-২০ মৌসুমে অভিষেকের পর থেকে এই পর্বে ৩৯ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি, যা এই সময়ে আর কেউ করতে পারেননি।

আজকের ম্যাচে আরো একটি বড় মাইলফলক হাতছানি দিচ্ছে হালান্ডকে। আর ১টি গোল করলেই তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রুদ ফান নিস্তেলরয়ের ৬০ গোলের মাইলফলক স্পর্শ করবেন। আর জোড়া গোল করতে পারলে চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এককভাবে সাত নম্বরে উঠে আসবেন। তার সামনে থাকবেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো (১৪১), লিওনেল মেসি (১২৯), রবার্ট লেভানডোফস্কি (১০৯), করিম বেনজেমা (৯০), কিলিয়ান এমবাপ্পে (৭১) ও রাউল গঞ্জালেস (৭১)।

যদিও সাম্প্রতিক দেখায় সিটির চেয়ে পিএসজির পাল্লাই ভারী। শেষ তিন সাক্ষাৎকারে দুটিতেই জিতেছে ফরাসি ক্লাবটি, তবে দল হারলেও তিন গোল আদায় করে নিয়েছিলেন হালান্ড। তাছাড়া আজকের ম্যাচটি ঘরের মাঠ ইতিহাদে, যেখানে সিটির হয়ে নিজের ৩৬টি চ্যাম্পিয়ন্স লিগ গোলের ২৩টিই (প্রায় ৬৪ শতাংশ) করেছেন এই নরওয়েজিয়ান তারকা।

সব প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড গড়ার ধারা অব্যাহত রেখেছেন হালান্ড। গত মাসে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে পোর্তোর বিপক্ষে ২-০ গোলের জয়ে জোড়া গোল করে সিটির তৃতীয় সর্বোচ্চ গোলদাতা টমি জনসনকে টপকে যান তিনি। ২০২২ সালে যোগ দেওয়ার পর ২০৬ ম্যাচে তার গোল এখন ১৭০টি। সামনে আছেন ১৭৭ গোল করা এরিক ব্রুক, আর ২৬০ গোল নিয়ে সবার ওপরে সার্জিও আগুয়েরো।

গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্স (৩৮ গোল) এই মৌসুমেও বজায় রেখেছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৮ ম্যাচে ইতিমধ্যেই ৮টি গোল করে ফেলেছেন তিনি। লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে গত রবিবারের ৩-০ ব্যবধানের দুর্দান্ত জয়ে এক গোলসহ প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে ৬ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন এই সিটি তারকা। 

Mahfuzur Rahman

Publisher & Editor