২০২৩ সালে ৯৫তম অস্কারে ‘সেরা অরিজিনাল সং’ বিভাগে পুরস্কার জিতে নেয় দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’। গানটি অন্তর্জালেও হয়েছিল বিপুল জনপ্রিয়।
এবার ভারতীয় সিনেমার নজর গ্র্যামির দিকে। ‘ধুরন্ধর’ দিয়ে সংগীতের সর্বোচ্চ পুরস্কার ঘরে আনতে চায় বলিউড। সাম্প্রতিক সময়ে বলিউডের সবচেয়ে সফল সিনেমা ‘ধুরন্ধর’-এর গান জমা দেওয়া হয়েছে গ্র্যামিতে। টি-সিরিজ ও বি৬২ স্টুডিওজ যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে।
আদিত্য ধর নির্মিত ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ সিনেমার ৯টি সাউন্ডট্র্যাক জমা দেওয়া হয়েছে। এসব গানের সবগুলোর সংগীত পরিচালনায় আছেন শাশ্বত সচদেব। জানা গেছে, ‘ধুরন্ধর ২’-এর পুরো অ্যালবাম ‘বেস্ট কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে জমা দেওয়া হয়েছে।
এছাড়া সিনেমায় অরিজিৎ সিংয়ের কণ্ঠে ‘ফির সে’ জমা দেওয়া হয়েছে ‘বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে। অন্যদিকে, বম্বে রকার্স, খান সাব, জ্যাসমিন স্যান্ডলাস, রেবল, টোকেন এবং সুধীর যাদুবংশীদের গাওয়া ‘আরি আরি’ গানটি পাঠানো হয়েছে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ বিভাগে। পাশাপাশি, ‘জান সে গুজরাতে হ্যায়’ এবং ‘কানহাইয়া’ গান দুটি ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে জমা দেওয়া হয়েছে। এভাবে সিনেমার অন্যান্য গানও জমা দেওয়া হয়েছে ধরন অনুযায়ী।
ফলে সবার মনেই এখন কৌতূহল, বক্স অফিসে যেমন ঝড় তুলেছিল ‘ধুরন্ধর ২’, এবার কি গ্র্যামির মঞ্চেও চমকে দেবে? উত্তর মিলবে আগামী বছরের প্রথমার্ধে।
৬৯তম গ্র্যামি অনুষ্ঠিত হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো অ্যারেনায়। সংগীত দুনিয়ার সকলেই মুখিয়ে থাকেন এই আয়োজনের জন্য। এবার ভারতীয়রা কিঞ্চিৎ বেশিই আগ্রহ নিয়ে দেখবেন আয়োজনটি।
উল্লেখ্য, ‘ধুরন্ধর’-এ নাম ভূমিকায় আছেন রণবীর সিং। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, সারা অর্জুন, দানিশ পান্দোর, রাকেশ বেদী প্রমুখ। দুই পর্বের সিনেমাটি সম্মিলিতভাবে বিশ্বব্যাপী ৩ হাজার কোটি রুপিরও বেশি আয় করেছে।
Publisher & Editor