ছবি: সংগৃহীত
পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে ইরান বিশ্বকে ‘জিম্মি’ করতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালি বর্তমানে খোলা রয়েছে। ইরানের তেল বাদ দিলে এই পথ দিয়ে যুদ্ধ শুরুর আগের সময়ের প্রায় সমপরিমাণ তেল পরিবহণ হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তবে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে বলে সতর্ক করেন রুবিও। তার ভাষায়, ইরান তখন হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেখানে ‘টোল’ বা শুল্ক আরোপ করতে পারে এবং কোন দেশ জ্বালানি পাবে, আর কোন দেশ পাবে না—সেটিও নির্ধারণ করতে পারে। তিনি এটিকে ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ বলে উল্লেখ করেন।
সাক্ষাৎকারে ইরানের শাসনব্যবস্থা নিয়েও সমালোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এমন কিছু কট্টরপন্থি শিয়া ধর্মীয় নেতার হাতে, যারা ভবিষ্যৎ নিয়ে ‘ধ্বংসাত্মক ও প্রলয়বাদী’ দৃষ্টিভঙ্গি পোষণ করেন।
রুবিওর অভিযোগ, নিষেধাজ্ঞা থেকে পাওয়া অর্থ বা অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত অর্থ ইরান তার জনগণের জীবনমান উন্নয়নের পরিবর্তে অস্ত্র তৈরি ও নিজেদের বিপ্লবী আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করে।
তিনি আরও অভিযোগ করেন, ইরান হিজবুল্লাহ, হামাস এবং ইরাকের শিয়া মিলিশিয়াদের অর্থায়ন করে। একই সঙ্গে সন্ত্রাসবাদ ও হত্যাচেষ্টায় পৃষ্ঠপোষকতা দেওয়ারও অভিযোগ তোলেন তিনি।
Publisher & Editor