উয়েফা নেশনস লিগে রাতে মাঠে নামবে পর্তুগাল। বিশ্বকাপের পর প্রথম ম্যাচে ওয়েলসের মুখোমুখি হবে জর্জ জেসুসের দল।
এই ম্যাচ দিয়ে পর্তুগালের হয়ে জেসুস যুগের সূচনা হবে। একাদশে রাখা হয়েছে মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। ৪১ বছর বয়সী এই মহাতারকার ফিটনেস ও দলে তার প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে কোচ আল নাসরে থাকাকালীন হংকংয়ের একটি ম্যাচের উদাহরণ টেনে জানিয়েছেন,রোনালদো দলে থাকা মানেই স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড়, আর তিনি না থাকলে গ্যালারি এক প্রকার শূন্যই থাকে।
ওয়েলসের বিপক্ষে মাঠে নামার আগে এক সংবাদ সম্মেলনে রোনালদোকে নিয়ে এই মন্তব্য করেন কোচ।
জেসুস বলেন, ‘হংকংয়ের ৫৫ হাজার ধারণক্ষমতার একটি স্টেডিয়ামে রোনালদোকে ছাড়া যখন আমরা ম্যাচ খেলেছিলাম, তখন মাঠে দর্শক হয়েছিল মাত্র ৩ হাজার। কিন্তু যখনই রোনালদো খেলেন, তখন পুরো ৫৫ হাজার আসনের স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়।’ পর্তুগাল কোচ আরো বলেন, ‘আমি লক্ষ্য করি, আপনারা সাংবাদিকেরা সব সময় ক্রিস্তিয়ানোকে নিয়ে প্রশ্ন করেন—কখন খেলবে? শারীরিকভাবে খেলার মতো প্রস্তুত কি না? ক্রিস্তিয়ানো পর্তুগাল ও জাতীয় দলের একটি প্রতীক। সে ম্যাচ খেলার যোগ্য কি না, সেটি সে ঠিক করে না; কোচই সিদ্ধান্ত নেন।
রোনালদোর সঙ্গে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতাও তুলে ধরেন জেসুস বলেন, ‘আমি তার সঙ্গে পুরো একটি বছর কাটিয়েছি। তাই পর্তুগালের জন্য এই খেলোয়াড়টি কী প্রতিনিধিত্ব করে, তা আমি খুব ভালোভাবে জানি।’
ওয়েলসের বিপক্ষে রোনালদো পুরো ৯০ মিনিট খেলবেন কি না, সেই প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি জেসুস। তার মতে, ম্যাচের পরিস্থিতিই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
তবে রোনালদোকে নিয়ে খানিকটা রসিকতাও করেছেন পর্তুগাল কোচ।
তিনি বলেন, ‘আমি সব সময় যা বলি, ম্যাচই সেটা ঠিক করবে। আশা করি, তার কোনো শারীরিক সমস্যা হবে না, সবকিছু ভালোভাবে চলবে এবং সে এক বা দুটি গোল করবে। এরপর আমি সঙ্গে সঙ্গেই তাকে তুলে নেব।’
পর্তুগাল ও ওয়েলসের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে।
Publisher & Editor