বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ধর্ষণ মামলায় আদালতে আবেদন খারিজ, বিচারের মুখোমুখি হাকিমি

প্রকাশিত: ০৬:৫১, ২৪ সেপ্টেম্বর ২০২৬ |

ফ্রান্সের সর্বোচ্চ আদালত আপিল খারিজ করে দেওয়ায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও মরক্কোর তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমিকে ধর্ষণের মামলায় বিচারের মুখোমুখি হতেই হচ্ছে। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘দি অ্যাথলেটিক’ এই খবর নিশ্চিত করেছে।

ফ্রান্সের সর্বোচ্চ আইনি সংস্থা ‘কোর্ট অব ক্যাসেশন’ ২৭ বছর বয়সী এই ফুটবলারের আপিল খারিজ করে দিয়েছে। এর ফলে আইনি প্রক্রিয়ায় এই মামলা খারিজ করার যে শেষ চেষ্টা হাকিমি করেছিলেন, তা ব্যর্থ হলো। প্যারিসের পশ্চিমে ও-দে-সেন বিভাগের একটি অপরাধ আদালতে এই মামলার বিচারকাজ পরিচালিত হবে। এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা না হলেও আগামী বছরই মামলাটির বিচারকাজ শুরু হতে পারে।
 
২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বুলোন-বিলঁকুরে হাকিমির নিজ বাসভবনে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত। ২০২৫ সালের ক্যাফ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া হাকিমির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে যোগাযোগের পর ওই তরুণী তার বাড়িতে যান। পরবর্তীতে তিনি হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। ঘটনার পাঁচ দিন পর হাকিমির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠিত হয়।

তবে শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন এই তারকা ফুটবলার।
আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে হাকিমির আইনজীবী দল প্রথমে মামলাটি খারিজের আবেদন জানিয়েছিল। তবে গত বছরের ১৯ জুন ভার্সাইয়ের আপিল আদালত সেই আবেদনটি খারিজ করে দেন। এরপর হাকিমি উচ্চ আদালত ‘কোর্ট অব ক্যাসেশন’-এ যান, যা সম্প্রতি চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করা হলো।

আইনি লড়াইয়ের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে হাকিমি লিখেছিলেন, আদালতের প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে এতদিন তিনি নীরব ছিলেন।

অবশেষে বিচারের মুখোমুখি হওয়ার সুযোগ পাওয়ায় তিনি নিজের পক্ষ পরিষ্কার করতে তৈরি।
অন্যদিকে অভিযোগকারীর আইনজীবী র‌্যাচেল-ফ্লোর পার্দো এক বিবৃতিতে বলেন, ‘দীর্ঘ সাড়ে তিন বছরের দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে আশরাফ হাকিমি ধর্ষণের বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন। আমার মক্কেলকে এতদিন ধরে হাকিমির পক্ষ থেকে নানাভাবে অপমান ও চরিত্রহননের শিকার হতে হয়েছে। কিন্তু তিনি ন্যায়বিচার পেতে বদ্ধপরিকর এবং শেষ পর্যন্ত লড়াই করে যাবেন।’

এর জবাবে হাকিমির আইনজীবী ফ্যানি কোলিন জানান, সর্বোচ্চ আদালত অভিযোগের মূল বিষয়বস্তু পর্যালোচনা করেনি। তিনি নিশ্চিত করেন, বিচার চলাকালেই হাকিমির নির্দোষ হওয়ার যাবতীয় প্রমাণ আদালতে উপস্থাপন করা হবে। হাকিমি শুরু থেকেই পুলিশ ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা করে আসছেন বলেও জানান তিনি।

মাঠের পারফরম্যান্সে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগসহ পাঁচটি বড় শিরোপা জিতে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন হাকিমি। সম্প্রতি ঘোষিত মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত ৩০ জনের তালিকাতেও জায়গা করে নিয়েছেন এই মরক্কো তারকা।

Mahfuzur Rahman

Publisher & Editor