শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কে এই ‘বিস্ময় বালক’ গ্যাব্রিয়েল? যাকে পেতে মুখোমুখি রিয়াল-বার্সেলোনা

প্রকাশিত: ০১:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৯

ওল্ড ট্রাফোর্ডে হঠাৎ তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য ও অনিশ্চয়তা। ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল ক্লাব ছাড়ার আবেদন জমা দেওয়ায় তাকে দলে ভেড়াতে স্প্যানিশ জায়ান্টদের মধ্যে শুরু হয়েছে চরম লড়াই।

ফুটবল দলবদলের নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য মতে, স্পেনের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এই ইংলিশ তরুণকে পেতে জোর তৎপরতা চালাচ্ছে।

ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির সবচেয়ে উজ্জ্বল তারকা বলা হয় গ্যাব্রিয়েলকে। লেফট উইং কিংবা অ্যাটাকিং মিডফিল্ড, দুই পজিশনেই সমান পারদর্শী এই ওয়ান্ডার-কিড গত মৌসুমে ক্লাবের ইতিহাসে সবচেয়ে কম বয়সে মর্যাদাপূর্ণ ‘জিমি মারফি ইয়ং প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে আলোচনায় এসেছিলেন। এমনকি মূল দলের প্রাক মৌসুম প্রস্তুতি পর্বেও তাকে পারফর্ম করতে দেখা গেছে।
 
তবে মূল দলে নিজের দীর্ঘমেয়াদি সুযোগ ও ভবিষ্যৎ নিয়ে অসন্তোষ তৈরি হওয়ায় তিনি ক্লাব ছাড়ার সিদ্বান্ত নেন। ইউনাইটেড কর্তারা জরুরি বৈঠক ডেকে তার সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করলেও গ্যাব্রিয়েল অনুশীলনে ফেরা বন্ধ করে দিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিলের আবেদন জানিয়েছেন। 

স্পেনই গ্যাব্রিয়েল এবং তার পরিবারের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বলে জানা গেছে। অক্টোবরের শুরুতে ১৬ বছরে পা দেবেন এই অ্যাটাকার।

তার কাছে আইরিশ পাসপোর্ট থাকায় ব্রেক্সিট-পরবর্তী জটিলতা এড়িয়ে ১৬ বছর বয়সেই ইউরোপিয়ান ক্লাবে যোগ দেওয়ার আইনি সুযোগ রয়েছে তার।

রিয়াল মাদ্রিদ তাকে সরাসরি রিজার্ভ টিম ‘কাস্তিয়া’য় খেলানোর পরিকল্পনা উপস্থাপন করেছে, যা তাকে বার্সেলোনার চেয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে রাখছে। তবে চেলসি, পিএসজি ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

Mahfuzur Rahman

Publisher & Editor