শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

কিংবদন্তি হলিউড অভিনেতা টিম কারি আর নেই

প্রকাশিত: ০৭:৫০, ২৭ আগস্ট ২০২৬ | ১৭

হলিউডের কিংবদন্তি অভিনেতা ও গায়ক টিম কারি মারা গেছেন। ‘দ্য রকি হরর পিকচার শো’-তে ড. ফ্র্যাঙ্ক-এন-ফার্টার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া এই অভিনেতার বয়স হয়েছিল ৮০ বছর।

মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের টোলুকা লেকে নিজের বাড়িতে শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয়। তার দীর্ঘদিনের ম্যানেজার ও বন্ধু মার্শিয়া হারউইটজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি। 
২০১২ সালে গুরুতর স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই টিম কারি নানা শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন।

ওই স্ট্রোকের পর তার চলাফেরায় গুরুতর সমস্যা দেখা দেয় এবং পরবর্তী সময়ে তাকে হুইলচেয়ারের ওপর নির্ভর করতে হয়েছে। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও অভিনয় ও কণ্ঠশিল্পের কাজ চালিয়ে গেছেন তিনি। 
টিম কারির অভিনয়জীবনের সবচেয়ে স্মরণীয় চরিত্র নি:সন্দেহে ড. ফ্র্যাঙ্ক-এন-ফার্টার। ১৯৭৩ সালে লন্ডনের মঞ্চে প্রথমবার চরিত্রটিতে অভিনয় করেন তিনি।

পরে ১৯৭৫ সালে একই চরিত্রে ‘দ্য রকি হরর পিকচার শো’ সিনেমায় অভিনয় করেন।
মুক্তির সময় সিনেমাটি বড় ধরনের সাফল্য পায়নি। কিন্তু সময়ের সঙ্গে এটি দর্শকদের মধ্যে আলাদা জনপ্রিয়তা তৈরি করে এবং একপর্যায়ে কাল্ট ক্লাসিক হিসেবে প্রতিষ্ঠিত হয়। সিনেমাটির মধ্যরাতের বিশেষ প্রদর্শনী ঘিরে যুক্তরাষ্ট্রে তৈরি হয় বিশাল ভক্তগোষ্ঠী। দর্শকেরা সিনেমার সংলাপের সঙ্গে সঙ্গে কথা বলতেন, গান ও নাচে অংশ নিতেন এবং অনেকেই চরিত্রগুলোর পোশাক পরে প্রেক্ষাগৃহে যেতেন।
 
এই একটি চরিত্রই টিম কারিকে পপ সংস্কৃতির অন্যতম স্মরণীয় মুখে পরিণত করে। তবে তার ক্যারিয়ার শুধু ‘রকি হরর’-এর মধ্যেই সীমাবদ্ধ ছিল না।
স্টিফেন কিংয়ের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে ১৯৯০ সালের টিভি মিনিসিরিজ ‘ইট’-এ পেনিওয়াইজ দ্য ক্লাউন চরিত্রে অভিনয় করেও ব্যাপক প্রশংসা পান টিম কারি। তার অস্বস্তিকর ও ভয়ংকর উপস্থিতি চরিত্রটিকে দর্শকদের কাছে বিশেষভাবে স্মরণীয় করে তোলে। 

এ ছাড়া ‘ক্লু’, ‘অ্যানি’, ‘লিজেন্ড’, ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউইয়র্ক’, ‘দ্য থ্রি মাস্কেটিয়ার্স’, ‘মাপেট ট্রেজার আইল্যান্ড’ এবং ‘চার্লি’স অ্যাঞ্জেলস’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

বিশেষ করে ‘হোম অ্যালোন ২’-এ হোটেলের কনসিয়ার্জ এবং ‘লিজেন্ড’-এ ভিলেন ডার্কনেস চরিত্রে তার অভিনয় দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়। 

টিম কারি শুধু চলচ্চিত্র অভিনেতা ছিলেন না; থিয়েটারেও তার দীর্ঘ ও সফল ক্যারিয়ার ছিল। ‘অ্যামাডিউস’, ‘মাই ফেভারিট ইয়ার’ এবং ‘মন্টি পাইথন’স স্প্যামালট’-এর মতো মঞ্চনাটকে অভিনয়ের জন্য তিনি তিনবার টনি অ্যাওয়ার্ডের মনোনয়ন পান। 

অ্যানিমেশনেও কণ্ঠশিল্পী হিসেবে ব্যাপক কাজ করেছেন তিনি। ‘পিটার প্যান অ্যান্ড দ্য পাইরেটস’ অ্যানিমেটেড সিরিজে ক্যাপ্টেন হুকের কণ্ঠ দেওয়ার জন্য ১৯৯১ সালে ডেটাইম এমি অ্যাওয়ার্ড জেতেন। 

২০১২ সালের গুরুতর স্ট্রোক তার জীবন ও ক্যারিয়ারে বড় পরিবর্তন আনে। স্ট্রোকের পর দীর্ঘ সময় শারীরিক ও স্পিচ থেরাপি নিতে হয় তাকে। পরবর্তী সময়ে অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পের কাজেই বেশি মনোযোগ দেন। 

২০১৬ সালে ‘দ্য রকি হরর পিকচার শো: লেটস ডু দ্য টাইম ওয়ার্প এগেইন’-এর টিভি সংস্করণে আবারও ফ্র্যাঙ্ক-এন-ফার্টার চরিত্রের সঙ্গে যুক্ত হন তিনি, তবে এবার অভিনয়ের বদলে বর্ণনাকারীর ভূমিকায়। ২০২০ সালেও একটি লাইভ টেবিল রিডিংয়ে আবার ফ্র্যাঙ্ক-এন-ফার্টার চরিত্রে অংশ নেন। 

শারীরিক অসুস্থতার কারণে কাজের পরিমাণ কমে গেলেও পুরোপুরি অবসর নেননি টিম কারি। ২০২৪ সালের হরর সিনেমা ‘স্ট্রিম’-এর মাধ্যমে আবারও বড় পর্দায় দেখা যায় তাকে। পাশাপাশি সংগীত নিয়েও কাজ করেছেন। নিজের ব্যান্ডের সঙ্গে গান পরিবেশনের পাশাপাশি একাধিক অ্যালবামও প্রকাশ করেছিলেন তিনি। 

অর্ধশতাব্দীরও বেশি সময়ের ক্যারিয়ারে টিম কারি কখনো প্রচলিত নায়কোচিত চরিত্রের মধ্যে নিজেকে আটকে রাখেননি। বিচিত্র, অদ্ভুতুড়ে ও খলচরিত্রে তার অভিনয় তাকে আলাদা পরিচিতি দিয়েছে। তবে ড. ফ্র্যাঙ্ক-এন-ফার্টার চরিত্রটিই তাকে বিশ্বজুড়ে এমন এক তারকায় পরিণত করেছিল, যাকে চলচ্চিত্রের ইতিহাসে দীর্ঘদিন মনে রাখা হবে।

Mahfuzur Rahman

Publisher & Editor