শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

টেস্টে বাংলাদেশকে ভালো করতে দেখা অস্ট্রেলিয়ান কিংবদন্তির কাছে আনন্দের

প্রকাশিত: ০৭:৪৫, ২৭ আগস্ট ২০২৬ | ১৬

অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে প্রথমবার টেস্টে হারিয়ে চমকে দেয় বাংলাদেশ। এতটাই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা তাতে প্রশংসা করতে বাধ্য হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তিরা।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অবশ্য বাজেভাবে হেরেছে বাংলাদেশ। তাতে অস্ট্রেলিয়া-বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ ১-১ ড্র হয়েছে। প্রথম টেস্টে জয় পাওয়ার দেড় সপ্তাহের বেশি হলেও বাংলাদেশের প্রশংসা এখনো চলছে। রিকি পন্টিং-অ্যাডাম গিলক্রিস্টের সেই তালিকায় এবার যোগ দিয়েছেন স্টিভ ওয়াহ।

‘দ্য টেলিগ্রাফকে’ দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের পারফরম্যান্স তাকে বিস্মিত করেছে বলে জানান স্টিভ ওয়াহ। ১৬৮ টেস্ট খেলা অধিনায়ক বলেছেন, ‘টেস্ট খেলুড়ে দল হিসেবে এটি আমাদের জন্য সবচেয়ে আশ্চর্যজনক ফল এবং সম্ভবত সবচেয়ে বড় সতর্কবার্তা। বাংলাদেশকে ভালো করতে দেখাটা সত্যিই আনন্দের।’

তবে মর্যাদাপূর্ণ ফরম্যাট টেস্টের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান স্টিভ ওয়াহ।

তিনি বলেছেন, ‘এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। টি-টোয়েন্টিতেই অর্থ আছে। খেলোয়াড়েরা সেখান থেকেই জীবিকা নির্বাহ করে। তাদের জন্য সিদ্ধান্তটা কঠিন নয়—অল্প সময়ে বেশি অর্থ অথবা টেস্টে নিজেকে উন্মুক্ত করে দেওয়া এবং তুলনামূলক কম অর্থ আয় করা। তবে আপনি যদি জানতে চান ক্রিকেটে কতটা ভালো, তাহলে টেস্ট ক্রিকেট খেলুন।

আর যদি নিজের পরিবারকে দেখাশোনা করতে চান এবং অনেক অর্থ আয় করতে চান, তাহলে টি-টোয়েন্টি খেলুন। তাই কেউ যে সিদ্ধান্তই নিক, তাকে দোষ দিবো না। কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে, টেস্ট খেলাটা যেন হয়।’

Mahfuzur Rahman

Publisher & Editor