রবিবার, ২৩ আগস্ট ২০২৬

আগামী ৩ দিন ঘুমাবেন শান্ত

প্রকাশিত: ০৭:২৮, ২৩ আগস্ট ২০২৬ | ২০

এক সপ্তাহের ব্যবধানে মুদ্রার অন্য পিঠও দেখল বাংলাদেশ দল।

ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ।

সেই দলটাই ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারল। সেটাও মাত্র দুই দিনেই!
এত দ্রুত ম্যাচ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ দলের সামনে ৩ দিন বিশ্রাম নেওয়ার সুযোগ। আগামী কয়েক দিন কী করবেন—ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এই প্রশ্ন করা হলে মজার ছলে জবাব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেছেন, ‘ঘুমাব, শুয়ে থাকব।

ম্যাকাই টেস্টে দুই ইনিংসেই এক শর নিচে অলআউট হয়েছে বাংলাদেশ। এমন পারফরম্যান্সে কোনো অজুহাত দাঁড় করাতে চান না শান্ত, ‘আমরা ভালো ব্যাটিং করিনি, কোনো অজুহাত নেই। ওরা খুব ভালো বোলিং করেছে। সামনে এগোতে হলে আমাদের কিছু কৌশলগত জায়গায় উন্নতি করতে হবে।

গতকাল প্রথম দিনেই ১৮ উইকেট পড়ে যায় দুই দলের। আজ আড়াই সেশনেই পড়েছে ১২ উইকেট। দুই দিনে টেস্ট শেষ হওয়ায় ম্যাকাইয়ের পিচের মান নিয়ে আলোচনা হচ্ছে। 

শান্তর মতে, পিচ যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, ‘উইকেট অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। প্রথম দিন ১৮ উইকেট পড়েছে।

শুধু যদি এমন হতো আমাদের পড়েছে, ওদের পড়েনি, তাহলে আমি বুঝতাম...। ওরা যেভাবে ব্যাটিং করেছে, আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, দেখলেই বুঝবেন কত কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে।’

Mahfuzur Rahman

Publisher & Editor