সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বাবার ক্যান্সার, ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত, সেখান থেকে টেস্ট অভিষেক সারাংশের

প্রকাশিত: ০৭:৩১, ২৩ আগস্ট ২০২৬ | ৩৬

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেক হলো মধ্য প্রদেশের অলরাউন্ডার সারাংশ জৈনের। রবিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হওয়া ম্যাচে সতীর্থ ও অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার হাত থেকে টেস্ট ক্যাপ পান ৩৩ বছর বয়সী জৈন।

তার অভিষেকের কারণে প্রথম টেস্টে খেলা কুলদীপ যাদবকে একাদশের বাইরে রাখা হয়েছে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুবমান গিল। টসের সময়ই জৈনের অভিষেকের বিষয়টি নিশ্চিত করেন তিনি। তবে কুলদীপের বাদ পড়ার কারণ হিসেবে গিলের দেওয়া ‘ইনফেকশনে’র ব্যাখ্যা কিছুটা চমকে দেওয়ার মতো।

আজকালের প্রতিবেদনে বলা হয়, গলে প্রথম টেস্টে ভারত ১৬৫ রানে জয় পেয়েছিল। সেই ম্যাচে কুলদীপ ২৫ ওভার বল করে মাত্র একটি উইকেট নিয়েছিলেন। অন্যদিকে রবীন্দ্র জাদেজা এবং অভিষেক হওয়া মানব সুথার বল হাতে বেশি প্রভাব ফেলেছিলেন।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি শ্রীলঙ্কার পরিবেশেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন জৈন।

ভারত ‘এ’ দলের সাম্প্রতিক শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচে ছয়টি উইকেট নেওয়ার পাশাপাশি অপরাজিত ৭০ রান করেছিলেন তিনি।
জৈনের অন্তর্ভুক্তিতে ভারতের হাতে এল আরো একটি ডান হাতি অফ-স্পিন বিকল্প। একই সঙ্গে ব্যাটিংয়েও বাড়ল গভীরতা। পাঁচ বোলারের কম্বিনেশন ধরে রাখতে চাওয়া ভারতীয় দলের কাছে তাঁর অলরাউন্ড দক্ষতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ইন্দোরে ১৯৯৩ সালের ৩১ মার্চ জন্ম জৈনের।

২০১৪-১৫ মৌসুমে মধ্য প্রদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। তাঁর বাবা সুবোধ জৈনও মধ্য প্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছেন। ইন্দোরের বিজয় ক্লাবে ক্রিকেট শেখার সময় রাজত পাতিদারের সঙ্গেও খেলেছেন সারাংশ।
২০২১-২২ মৌসুমে মধ্যপ্রদেশের প্রথম রঞ্জি ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। নকআউট পর্বে ১৩টি উইকেট নেওয়ার পাশাপাশি মুম্বইয়ের বিরুদ্ধে ফাইনালে গুরুত্বপূর্ণ ৫৭ রান করেন তিনি।

২০২২-২৩ রঞ্জি ট্রফিতে ৩৫টি উইকেট নেওয়ার পাশাপাশি ৩৬০ রান করেন জৈন। সেই পারফরম্যান্সের জন্য তিনি টুর্নামেন্টের সেরা অলরাউন্ডারের লালা অমরনাথ পুরস্কার পান।

২০২৫ সালের দলীপ ট্রফিতেও দুরন্ত ছন্দে ছিলেন জৈন। সেন্ট্রাল জোনের হয়ে মাত্র দুই ম্যাচে ১৬টি উইকেট নেওয়ার পাশাপাশি সেমিফাইনাল ও ফাইনাল, দুই ম্যাচেই অর্ধশতরান করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

এরপর ২০২৫-২৬ রঞ্জি ট্রফিতেও তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। ৫৭.৫৫ গড়ে ৫১৮ রান করার পাশাপাশি ২০.৪৩ গড়ে নেন ৩০টি উইকেট। ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর মোট রান ২,২২৩ এবং উইকেট ১৮৮।

অন্যদিকে, কুলদীপের বাদ পড়া প্রথমে শুধুই দলীয় কম্বিনেশনের সিদ্ধান্ত বলে মনে হয়েছিল। ২০১৭ সালে টেস্ট অভিষেকের পর থেকে মাত্র ১৯টি টেস্ট খেলেছেন বাঁ হাতি এই চায়নাম্যান বোলার। দলের ভারসাম্য এবং ফিঙ্গার স্পিনারদের প্রতি ভারতের আস্থার কারণে একাধিকবার তাঁকে বাইরে থাকতে হয়েছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরের ১০টি টেস্টেও তাঁকে একটিতেও খেলানো হয়নি।

তবে কলম্বো টেস্টের আগে কুলদীপের পাশে দাঁড়িয়েছিলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তাঁর মতে, পরিস্থিতি অনুযায়ী দলের সবচেয়ে কার্যকর বোলারদেরই বেছে নেওয়া হয় এবং কুলদীপ এখনও ভারতের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলেও কুলদীপের প্রশংসা করে জানিয়েছিলেন, তিনি ভাল বল করছেন এবং দলের পরিকল্পনায় এখনও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফলে ‘ইনফেকশন’-এর কারণে তাঁর অনুপস্থিতি পরিস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

তবে কুলদীপের অনুপস্থিতির চেয়েও সারাংশ জৈনের কাছে বড় বিষয় তাঁর বহু প্রতীক্ষিত অভিষেক। দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের অলরাউন্ড দক্ষতার প্রমাণ দেওয়ার সুযোগ পেলেন মধ্যপ্রদেশের এই ক্রিকেটার।

কলম্বো টেস্টে ভারতের একাদশ : যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাড়িক্কল, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, সারাংশ জৈন, মানব সুতার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

Mahfuzur Rahman

Publisher & Editor