বাইক ব্যবহারকারীদের অন্যতম বড় দুশ্চিন্তার নাম মাইলেজ কমে যাওয়া। প্রায় প্রতিটি রাইডারই চান তাদের বাইকের মাইলেজ যেন ঠিক থাকে কিংবা আরো একটু বাড়ে।
বিশেষজ্ঞদের মতে, মাইলেজ কমার পেছনে একাধিক কারণ থাকলেও প্রধান কারণ হলো কার্বুরেটরের সঠিক রক্ষণাবেক্ষণের অভাব। ফুয়েল ইনজেকশন (এফআই) প্রযুক্তির বাইক ছাড়া দেশের সড়কে চলাচলকারী সিংহভাগ মোটরসাইকেলই এখনো কার্বুরেটর ফুয়েল সিস্টেমের ওপর নির্ভরশীল। কার্বুরেটর সহজে নষ্ট হওয়ার মতো যন্ত্রাংশ নয়, তবে অবহেলার কারণে এর কার্যক্ষমতা কমে যায়। বিশেষ করে আমাদের দেশে ভেজাল জ্বালানির হরহামেশা ব্যবহার বাইকের ইঞ্জিনের পাশাপাশি কার্বুরেটরের বারোটা বাজিয়ে দেয়।
তবে একটু সচেতন হলে ও নিয়মিত যত্ন নিলে কার্বুরেটরের পারফরম্যান্স পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব, যা একাধারে বাড়াবে মাইলেজ এবং সাশ্রয় করবে জ্বালানি।
কার্বুরেটরের আসল কাজ কী?
সহজ কথায়, কার্বুরেটর হলো ইঞ্জিনের প্রাণভোমরা। বাতাস ও জ্বালানির সঠিক অনুপাতের একটি নিখুঁত মিশ্রণ তৈরি করে ইঞ্জিনের সিলিন্ডারে পৌঁছে দেওয়াই এর প্রধান কাজ। এই অনুপাত সঠিক না থাকলে কোনোভাবেই ভালো মাইলেজ বা স্মুথ রাইডিং আশা করা যায় না।
যেসব কারণে ক্ষতিগ্রস্ত হয় কার্বুরেটর
ভেজাল জ্বালানি : খোলা বা নিম্নমানের পেট্রল-অকটেনের ফলে কার্বুরেটরের সূক্ষ্ম জেট বা নিডলে ময়লা জমে জ্বালানি প্রবাহ আটকে যায়।
ময়লা জমে থাকা : দীর্ঘদিন পরিষ্কার না করলে ধূলিকণা ও তেলের আস্তরণ জমে বাতাস-জ্বালানির মিশ্রণ ওলটপালট করে দেয়।
ভুল টিউনিং ও জং পরা : বর্ষায় পানির বাষ্প ঢুকে মরিচা ধরা কিংবা ভুল টিউনিংয়ের কারণে কাঁচা তেল পুড়ে, বের হয় অতিরিক্ত কালো ধোঁয়া।
পুরনো যন্ত্রাংশ : ভেতরের ছোট ছোট পার্টস ক্ষয়ে গেলে সঠিক টিউনিং করা অসম্ভব হয়ে পড়ে।
যেভাবে যত্ন নেবেন
নিয়মিত ক্লিনিং : কার্বুরেটর খুলে বিশেষ ‘জেট ক্লিনার স্প্রে’ দিয়ে প্রতিটি অংশ নিখুঁতভাবে পরিষ্কার রাখুন।
বিশ্বস্ত পাম্পের জ্বালানি : খোলা বাজার বা নিম্নমানের পাম্প এড়িয়ে সব সময় ভালো মানের জ্বালানি ব্যবহার করুন।
সঠিক টিউনিং নিশ্চিত করা : প্রতিবার সার্ভিসিংয়ের সময় দক্ষ মেকানিক দিয়ে এয়ার-ফুয়েল রেশিও নিখুঁতভাবে টিউন করিয়ে নিন।
পার্টস নিয়মিত বদলানো : ফ্লোট, পিন বা জেটে সামান্য সমস্যা দেখলেই অবহেলা না করে নতুন যন্ত্রাংশ লাগিয়ে ফেলুন।
মেকানিকের পরামর্শ : নিজে টিউনিং বা পরিষ্কার করতে পারদর্শী না হলে ঝুঁকি না নিয়ে অভিজ্ঞ মেকানিকের দ্বারস্থ হওয়াই বুদ্ধিমানের কাজ।
Publisher & Editor