শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

মিস ইউনিভার্স পাকিস্তানের মুকুট জিতলেন মিসবাহ আরশাদ

প্রকাশিত: ০৭:৫১, ২১ আগস্ট ২০২৬ |

ফিলিপাইনে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’-এর মুকুট জিতেছেন মিসবাহ আরশাদ। এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।

দেশটির হয়ে বিশ্বমঞ্চে অংশ নিতে যাওয়া চতুর্থ প্রতিযোগী মিসবাহ।
অনুষ্ঠানে মিস ইউনিভার্স পাকিস্তান ফ্র্যাঞ্চাইজির মালিক জশ ইউগেন নতুন বিজয়ী মিসবাহ আরশাদকে আনুষ্ঠানিক স্যাশ পরিয়ে দেন। আর তাঁর পূর্বসূরি রোমা রিয়াজ মাথায় তুলে দেন বিজয়ের মুকুট।

মনোবিজ্ঞানের শিক্ষার্থী মিসবাহ চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে নিজের ভাবনা ও আত্মবিশ্বাসী উত্তরের মাধ্যমে বিচারকদের দৃষ্টি কাড়েন।

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে মিসবাহ আরশাদের এটি প্রথম যাত্রা নয়। এর আগে তিনি জাপানে অনুষ্ঠিত ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৩’ এবং পোল্যান্ডে আয়োজিত ‘মিস সুপ্রান্যাশনাল ২০২৪’-এ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন।

নিজের দীর্ঘ পথচলা এবং সাফল্য-ব্যর্থতার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘ব্যর্থতা দিয়ে সাফল্য নির্ধারণ করা যায় না। মূল বিষয় হলো আশা ধরে রাখা এবং প্রতি পদক্ষেপে নিজেকে উন্নত করা।

মুকুট জয় বড় কথা হলেও এই পথের শিক্ষা ও মানুষের সঙ্গে তৈরি হওয়া সম্পর্কই আসল পুরস্কার।’
আগামী ৭৫তম মিস ইউনিভার্সের মূল আসরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন মিসবাহ। এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা পুয়ের্তো রিকোতে।

এর আগে ২০২৩ সালে যাত্রা শুরু করে মিস ইউনিভার্স পাকিস্তান ফ্র্যাঞ্চাইজি। সে বছর দেশটির প্রথম প্রতিনিধি হিসেবে ইতিহাস গড়েন এরিকা রবিন।

এল সালভাদরে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের মূল আসরে তিনি জায়গা করে নিয়েছিলেন ‘টপ ২০’-এ।
এরপর ২০২৪ সালে মেক্সিকোয় অনুষ্ঠিত প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন নূর জারমিনা। ২০২৫ সালে দেশটির প্রতিনিধিত্ব করেন রোমা রিয়াজ। পরবর্তীতে রোমা রিয়াজ ফ্র্যাঞ্চাইজিটির জাতীয় পরিচালকের দায়িত্ব নেন এবং নতুন প্রতিযোগীদের প্রশিক্ষণের কাজ শুরু করেন।

এবার সেই ধারাবাহিকতায় মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মিসবাহ আরশাদ। দীর্ঘ আন্তর্জাতিক প্রতিযোগিতার অভিজ্ঞতা নিয়ে এবার সবচেয়ে বড় সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে নিজ দেশকে তুলে ধরার অপেক্ষায় এই তরুণী।

Mahfuzur Rahman

Publisher & Editor