শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

আরিফিন শুভ কি আবার বিয়ে করছেন?

প্রকাশিত: ০৭:৫২, ২১ আগস্ট ২০২৬ |

জীবনকে আর নির্দিষ্ট কোনো ছকে বেঁধে রাখতে চান না আরিফিন শুভ। কাজের প্রয়োজনে কখনো দেশে, কখনো দেশের বাইরে—জীবনের স্রোত যেদিকে নিয়ে যাচ্ছে, সেদিকেই এগিয়ে চলেছেন জনপ্রিয় এই অভিনেতা।

তবে এই পথচলার মধ্যেই সম্পর্ক ও বিয়ে নিয়ে নিজের ভাবনায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি।
আরিফিন শুভর ব্যক্তিজীবন ও বিয়ে নিয়ে কৌতূহল অবশ্য নতুন নয়। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে একটি পোস্ট দেওয়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো বাস্তব জীবনেই নতুন কোনো অধ্যায় শুরু করেছেন তিনি।

পরে অবশ্য জানা যায়, সেটি তাঁর ব্যক্তিগত জীবনের কোনো ঘোষণা নয়।

বরং চরকি অরিজিনাল সিনেমা ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রচারণার অংশ ছিল সেই পোস্ট।
তবে বাস্তবজীবনে আবার সম্পর্কে জড়ানো বা বিয়ের সম্ভাবনাকে এবার একেবারেই উড়িয়ে দেননি এই অভিনেতা। বর্তমানে নিজেকে ‘হ্যাপিলি সিঙ্গেল’ বলছেন শুভ। তবে একা থাকার মধ্যেই যে জীবনের পূর্ণতা, তা আর মনে করছেন না তিনি।

বরং জীবনের নানা অভিজ্ঞতা থেকে তাঁর উপলব্ধি, মানুষ সম্ভবত একা বাঁচার জন্য তৈরি হয়নি।
আরিফিন শুভ বলেন, ‘জন্ম, মৃত্যু, বিয়ে—এগুলো নাকি ওপরওয়ালা থেকে নির্ধারিত হয়। যেহেতু আমি এখন ‘হ্যাপিলি সিঙ্গেল’, তবে আমার উপলব্ধি হয়েছে, মানুষ বোধ হয় একা বাঁচার জন্য তৈরি হয়নি। মানুষ একা বাঁচতে পারে না।’

এই উপলব্ধির পেছনে রয়েছে তাঁর জীবনের নানা অভিজ্ঞতা।

২০২৪ সালের জানুয়ারিতে মাকে হারানোর পর নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন শুভ। ব্যক্তিজীবনের আরো কিছু ঘটনার প্রভাবেও একসময় নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন তিনি।
তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই অবস্থান থেকে বেরিয়ে এসে জীবন ও সম্পর্ককে নতুনভাবে দেখছেন এই অভিনেতা।

তাঁর কথায়, ‘আমার মা চলে যাওয়ার পর এবং আরো বিভিন্ন ঘটনা ঘটার পর আমি নিজেকে একেবারেই বিচ্ছিন্ন করে ফেলেছিলাম। কিন্তু আস্তে আস্তে অনুধাবন করছি, মানুষ একা বাঁচার জন্য জীবন ধারণ করে না। সেটা শুধু বৈবাহিক সম্পর্কই হতে হবে, তা নয়। তবে যদি বিশেষভাবে বিয়ের কথা বলতে চাই, সে ক্ষেত্রে বলতে পারি, অবশ্যই সম্পর্ক বা বিয়ে আমার জীবনে আবার আসতে পারে। সেটা ওপরওয়ালা জানেন। যখন হবে, তখন হবে।’

অর্থাৎ ভবিষ্যতে আবার বিয়ে করার সম্ভাবনাকে অস্বীকার করছেন না আরিফিন শুভ। তবে কবে, কিভাবে কিংবা কার সঙ্গে—সেসব প্রশ্নের উত্তর এখনই দিতে নারাজ তিনি।

আর সেই নতুন অধ্যায়ের ঘোষণা কবে আসবে? শুভর রহস্যময় উত্তর, ‘আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবেন।’

উল্লেখ্য, গত কোরবানির ঈদে মুক্তি পায় আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। ছবিটি মুক্তির পরপরই আবার দেশের বাইরে চলে যান তিনি। এর আগে দীর্ঘ সময় দেশের বাইরে থেকে কাজ করেছেন সনি লিভ অরিজিনাল সিরিজ ‘জ্যাজ সিটি’তে। সিরিজটিতে তাঁর অভিনয়ও দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor