বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়া শক্তিশালী হয়ে ফিরবে, শিষ্যদের সতর্ক সিমন্সের

প্রকাশিত: ০৯:২১, ২০ আগস্ট ২০২৬ |

‘টাইগার’ ছদ্মনামটা বাংলাদেশের। তবে এই মুহূর্তে ‘আহত বাঘ’ অস্ট্রেলিয়া।

ঘরের মাঠে যারা বাংলাদেশের কাছে হেরে ঘুরে দাঁড়ানোর গর্জন দিচ্ছে। ক্যাঙ্গারু নামে পরিচিত দলকে এমনটাই ভাবছেন বাংলাদেশের কোচ ফিল সিমন্স।
সিরিজে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্টে ভয়ংকরভাবে ফিরতে পারে বলে শিষ্যদের সতর্ক করেছেন সিমন্স। দ্বিতীয় টেস্টের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশি কোচ বলেছেন, ‘দলকে শুধু একটাই কথা বলেছি এবং তা যেকোনো জায়গায় আবার বলতে প্রস্তুত আমি।

অস্ট্রেলিয়া আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে। তাই আমাদের হয় পারফরম্যান্সের এই ধারা বজায় রাখতে হবে, নতুবা আরো উন্নতি করতে হবে।’
আগামী ২২ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাকাই টেস্টে উন্নতির বিকল্প কোনো কিছু দেখছেন না সিমন্স।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার বলেছেন, ‘কোনো কোনো ক্ষেত্রে যদি আমরা মাত্র ১ শতাংশও ভালো করতে পারি, তবে আমাদের নিশ্চিত করতে হবে যেন সেই উন্নতিটুকু থাকে। কারণ আমরা জানি, তারা তাদের কৌশলে পরিবর্তন আনবে এবং আমাদের ওপর আরো কঠিন আক্রমণ চালাবে।’ ডারউইন টেস্টের জয়কে কোচিং ক্যারিয়ারের সেরা মানছেন সিমন্স। ৬৩ বছর বয়সী কোচ বলেছেন, ‘একটি টেস্ট জয়ের পর এক ধরনের আত্মবিশ্বাস তো আসেই। আমরা ভালো খেলেছি।

দারুণ টেস্ট ম্যাচ জিতেছি। তাই আত্মবিশ্বাস উঁচুতে। নিশ্চিতভাবেই এটি আমার কোচিং ক্যারিয়ারের সেরা টেস্ট জয়। অন্যান্য ফরম্যাটে আমার বড় জয় আছে, তবে টেস্ট জয়টিই সেরা।’

Mahfuzur Rahman

Publisher & Editor