সোমবার, ১০ আগস্ট ২০২৬

মাঠের বল উড়ে গিয়ে পড়ল সড়কে, অতঃপর...

প্রকাশিত: ০৭:৫৯, ০৯ আগস্ট ২০২৬ | ১৩

খেলা চলাকালীন বল গ্যালারিতে কিংবা মাঠের বাইরে চলে যাওয়া নতুন কিছু নয়। তবে উরুগুয়ের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে মাঠের বাইরে চলে যাওয়া একটি বল ঘটিয়ে দিয়েছে অদ্ভুত এক সড়ক দুর্ঘটনা।

বল উড়ে গিয়ে পাশের সড়কে পড়ার পর সেটি এড়াতে গিয়ে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে।
গতকাল এস্তাদিও পারকে এএনসিএপিতে মুখোমুখি হয়েছে মন্তেভিদিও এবং পায়সান্দু এফসি। ম্যাচের ২৪ মিনিটে পায়সান্দু দ্রুত আক্রমণে ওঠে। তাদের আক্রমণ থামাতে ও বলটি বিপদমুক্ত করে মন্তেভিদিওর ডিফেন্ডার রিচার্ড নুনেস এতটাই জোরালো শট নেন যে, বল উড়ে গিয়ে ছোট্ট স্টেডিয়ামের সীমানা পেরিয়ে পাশের ব্যস্ত সড়কে পড়ে।

সরাসরি সম্প্রচার হতে থাকায় টেলিভিশনে সেই দৃশ্য ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, তখন সড়ক দিয়ে দ্রুতগতিতে চলছিল কয়েকটি গাড়ি। সামনে হঠাৎ বল চলে আসায় একটি গাড়ির চালক জোরে ব্রেক কষেন।

এতে তার গাড়ি থেমেছে ঠিকই।

কিন্তু পেছন থেকে আসা আরেকটি গাড়ির চালক সময়মতো ব্রেক কষতে না পেরে সামনের গাড়িকে ধাক্কা দেয়। এই মুহূর্তও ম্যাচের সরাসরি সম্প্রচারের ক্যামেরায় ধরা পড়ে। 
ঘটনাটি ঘিরে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ২০ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

তবে মাঠের বল বিপদমুক্ত করতে গিয়ে কীভাবে সড়কে বিপদ ডেকে আনল, সেটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ আবার মজার ছলে বলেছেন, দুর্ঘটনার কারণ হিসেবে বীমা কোম্পানিকে কীভাবে বোঝানো হবে যে, ফুটবল মাঠ থেকে উড়ে আসা একটি বলের কারণে গাড়ি থামাতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে!

মাঠের খেলায় অবশ্য এই ঘটনার কোনো প্রভাব পড়েনি। শেষ পর্যন্ত পায়সান্দুকে ১-০ গোলে হারিয়েছে মন্তেভিদিও। ৩৮ মিনিটে জয়সূচক গোলটি করেন লুকাস রদ্রিগেজ।

Mahfuzur Rahman

Publisher & Editor