বুধবার, ০৫ আগস্ট ২০২৬

সাকিব-তাওহীদের দলের সহ-মালিক হলেন ভারতের জহির খান

প্রকাশিত: ০৭:২৪, ০৫ আগস্ট ২০২৬ | ১০

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সফলতম ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি জাফনা নতুন মালিকানার অধীনে যাত্রা শুরু করেছে। ভারতের সাবেক পেসার জহির খান এবার দলটির সহ-মালিক হিসেবে যুক্ত হয়েছেন। বর্তমানে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ব্যাটার তাওহীদ হৃদয়।

জাফনা ফ্র্যাঞ্চাইজিটি অধিগ্রহণ করেছে স্টকহোমভিত্তিক আন্তর্জাতিক ক্রীড়া বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাঙ্কর স্পোর্টস এবি। মালিকানা পরিবর্তনের পর দলটির নামও বদলে দেওয়া হয়েছে। এখন থেকে তারা অ্যাঙ্কর জাফনা কিংস নামে এলপিএলে অংশ নেবে।

অ্যাঙ্কর স্পোর্টসের মালিক নাগেন্দ্র সিদ্ধৌতম ও জহির খান যৌথভাবে দলটির মালিকানার দায়িত্ব পালন করবেন। বিশ্ব ক্রিকেটে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনার অংশ হিসেবেই প্রতিষ্ঠানটি এই বিনিয়োগ করেছে।

এর আগে বেলজিয়ামের ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে অ্যান্টওয়ার্প অ্যাঙ্করস এবং কানাডার সুপার ৬০ লিগে ভ্যাঙ্কুভার অ্যাঙ্করসের পুরুষ ও নারী দলও অ্যাঙ্কর স্পোর্টসের মালিকানায় এসেছে।

চলমান এলপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করছে জাফনা। টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় বর্তমানে শীর্ষ দুই দলের একটি তারা।

নতুন মালিকপক্ষকে স্বাগত জানিয়ে ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অনিল মোহন বলেন, ‘অ্যাঙ্কর স্পোর্টসকে এলপিএল পরিবারের অংশ হিসেবে স্বাগত জানাই। গত ছয় বছরে চারটি শিরোপা জিতে জাফনা লিগের অন্যতম সফল ও ঐতিহ্যবাহী দলে পরিণত হয়েছে। আমরা আশা করি, নতুন মালিকানার অধীনে দলটি আরও সাফল্য অর্জন করবে এবং নতুন উদ্ভাবনী চিন্তার মাধ্যমে এলপিএলের উন্নয়নে অবদান রাখবে।’

শ্রীলঙ্কার ক্রিকেটের সঙ্গে নতুনভাবে যুক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করেছেন জহির খানও। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সবসময়ই মানসম্পন্ন ও বৈচিত্র্যময় বোলার তৈরি করে আসছে, যা আমি বরাবরই প্রশংসা করি। খেলোয়াড় হিসেবে এখানে অনেকবার এসেছি এবং এই দেশের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এবার মালিক হিসেবে শ্রীলঙ্কার ক্রিকেটের অংশ হতে পারাটা বিশেষ অনুভূতির। জাফনার সঙ্গে নতুন এই পথচলা শুরু করতে আমি রোমাঞ্চিত।’

Mahfuzur Rahman

Publisher & Editor