মার্কিন অস্কারজয়ী অভিনেতা এবং জনপ্রিয় রক ব্যান্ড ‘থার্টি সেকেন্ডস টু মার্স’-এর মূল গায়ক জ্যারেড লেটোর বিরুদ্ধে মারাত্মক যৌন অসদাচরণ, নিপীড়ন ও নাবালিকা শোষণের অভিযোগ তুলেছেন একাধিক নারী। ভুক্তভোগীদের দাবি, যখন তারা এসব ঘটনার শিকার হন, তখন তারা অপ্রাপ্তবয়স্ক বা কিশোরী ছিলেন।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি-র প্রচারিত প্রামাণ্যচিত্র ‘জ্যারেড লেটো: হলিউডস ডার্ক সিক্রেট’-এ মোট ১০ জন নারী লেটোর বিরুদ্ধে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। এর মধ্যে নয়জন নারী এবারই প্রথম প্রকাশ্যে মুখ খুলেছেন। অভিযোগগুলো ২০০২ থেকে ২০১৬ সালের মধ্যবর্তী সময়ের, যখন লেটোর বয়স ছিল ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। বর্তমানে এই ৫৪ বছর বয়সী তারকার বিরুদ্ধে এর আগেও অনলাইনে শতাধিক অনৈতিক আচরণের অভিযোগ উঠলেও এবারই প্রথম এত বড় পরিসরে বিষয়টি সামনে এলো।
প্রামাণ্যচিত্রে চার নারী—ইসাবেল, অ্যালেক্স, ক্লারা ও এট্টা (ছদ্মনাম)—লেটোর বিরুদ্ধে তাঁদের ওপর ঘটা সুনির্দিষ্ট অপরাধের বর্ণনা দিয়েছেন।
ইসাবেল জানান, ২০০২ সালে লাস ভেগাসে ১৭ বছর বয়সে লেটোর সঙ্গে একটি জীর্ণ মোটেলে দেখা করতে গিয়ে বাথরুমে যৌন নিপীড়নের শিকার হন তিনি। অ্যালেক্স নামের আরেক নারী অভিযোগ করেন, ২০১৩ সালে ১৯ বছর বয়সে একটি কনসার্ট শেষে পূর্ব লন্ডনের এক হোটেলে লেটোর কক্ষে একা আটকে পড়েন তিনি। সেখানে লেটো তাকে একাধিকবার যৌন নিপীড়নের হুমকি দেন, যার ফলে তিনি সেখান থেকে পালিয়ে আত্মরক্ষা করেন।
ক্লারা নামের এক নারী জানান, ২০০৬ সালে তাঁর বয়স যখন ১৭ বছর, তখন ৩৪ বছর বয়সী লেটো তাকে ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে নিয়ে যান এবং শারীরিক সম্পর্ক স্থাপন করেন। ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী সম্মতির বৈধ বয়স ১৮ বছর হওয়ায় কায়দা-কানুনের দিক থেকে এটি নাবালিকাকে ধর্ষণের অপরাধ হিসেবে গণ্য।
২০০৫ সালে টেইলর নামের এক ১৪ বছরের কিশোরী ভক্ত একটি সঙ্গীত উৎসবে অটোগ্রাফ নিতে গেলে লেটো তার বুকের ওপর সই করেন এবং অশালীন মন্তব্য করে নিরাপত্তারক্ষীদের তাকে ব্যাকস্টেজে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। মেয়েটির মা বাধা দিলে লেটো তার সামনেও একই ধরনের অশালীন মন্তব্য পুনর্ব্যক্ত করেন। এট্টা নামে এক নারী জানান, ২০১৪ সালে ১৬ বছর বয়সে পেশাগত যোগাযোগের বাহানায় লেটো তার ইমেইল ও ফোন নম্বর নেন।
এরপর থেকে লেটো তাকে ফোনে বারবার যৌন ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করতেন এবং শারীরিক সম্পর্কের প্রস্তাব দিতেন। পরবর্তীতে লেটো ভুক্তভোগী এট্টার কাছে একটি গোপনীয়তা চুক্তি (এনডিএ) পাঠান, যাতে তিনি এই সম্পর্কের কথা বাইরে না প্রকাশ করেন। তবে এট্টা সেই চুক্তিতে সই করতে অস্বীকার করেন। বিবিসি উক্ত চুক্তির কাগজপত্র পর্যালোচনা করে এই দাবির সত্যতা নিশ্চিত করেছে।
থার্টি সেকেন্ডস টু মার্স ব্যান্ডের সাবেক কর্মী ও টেকনিশিয়ানদের সাক্ষ্য অনুযায়ী, কনসার্ট চলাকালে ব্যাকস্টেজে বিশেষ করে তরুণী ও কিশোরী মডেলদের নিয়ে আসার জন্য লেটোর নিজস্ব নির্দেশ ছিল। ব্যান্ডের সাবেক এক কর্মী জানান, লেটোর এই আচরণের কারণে কর্মীদের মধ্যেও দীর্ঘদিনের অস্বস্তি বিরাজ করছিল। বিবিসি জানিয়েছে, ভুক্তভোগীদের বক্তব্যের সত্যতা যাচাই করতে তখনকার সময়ে তদের কথা শুনেছেন এমন পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলা হয়েছে। পাশাপাশি বার্তা, ইমেইল ও ছবিও প্রামাণ্যচিত্রের অনুসন্ধানে খতিয়ে দেখা হয়েছে। সুনির্দিষ্ট ও লিখিত একাধিক তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও বিবিসি-র পক্ষ থেকে যোগাযোগের বারবার চেষ্টা করা হলেও জ্যারেড লেটো বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এসব কোনো অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, ১৯৯০-এর দশক থেকে পরিচিত মুখ জ্যারেড লেটো ২০১৪ সালে ‘ডালাস বায়ার্স ক্লাব’ চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে অস্কার জেতেন। এর বাইরে তিনি ‘ফাইট ক্লাব’, ‘সুইসাইড স্কোয়াড’ ও ‘ব্লেড রানিং ২০৪৯’-এর মতো খ্যাতনামা চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯৮ সালে তাঁর গঠিত ব্যান্ড ‘থার্টি সেকেন্ডস টু মার্স’ বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয়, যা সামনেই ইউরোপ সফর ও যুক্তরাজ্যে কনসার্টের প্রস্তুতি নিচ্ছে।
Publisher & Editor