বুধবার, ২২ জুলাই ২০২৬

স্বাস্থ্য বিষয়ে স্মার্ট ওয়াচের ওপর কতটা নির্ভর করা যায়

প্রকাশিত: ০৭:৪৮, ২২ জুলাই ২০২৬ |

সুস্থতার চর্চায় স্মার্ট ওয়াচ বা গায়ে ধারনযোগ্য ডিভাইসের ব্যবহার বাড়ছে। এ ধরনের অনুষঙ্গ নিঃসন্দেহেই উপকারী, যদি তা হয় মানসম্মত। তবে একটি ডিভাইসের শতভাগ তথ্যই যে সম্পূর্ণ সঠিক, তা ধরে নেওয়ার সুযোগ নেই।

সারা দিনে কত ক্যালরি পুড়িয়েছেন, ধারণা পেতে এ ধরনের অনুষঙ্গ কাজে লাগাতে পারেন। এই যন্ত্রের সাহায্যে ধীরে ধীরে ক্যালরি পোড়ানোর পরিমাণ বাড়াতে উৎসাহও পেতে পারেন। ব্যায়ামের মাত্রা কমে আসছে কি না, তা–ও বুঝতে পারবেন। স্মার্ট ডিভাইসটিকে আপনার স্মার্টফোনের সঙ্গে সমন্বিতও করে নিতে পারেন।

ডিভাইস থেকে পাওয়া তথ্যে অস্বাভাবিকতা ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। ব্যায়াম করতে গিয়ে হৃৎপিণ্ডকে অতিরিক্ত চাপে ফেলছেন কি না, এটাও বুঝতে পারবেন। বিশেষত যদি আগে থেকেই হৃৎপিণ্ডের কোনো সমস্যা থেকে থাকে।

কেবল পদক্ষেপ গণনাই কাজ নয়
সুস্থ থাকতে রোজ ১০ হাজার না হলেও ৪ থেকে ৭ হাজার কদম হাঁটার লক্ষ্য নির্ধারণ করতে পারেন। এই যন্ত্র থেকে পদক্ষেপ বা স্টেপ এবং দূরত্ব সম্পর্কে ধারণা পাবেন। একবার পা ফেলে কতদূর যাচ্ছেন জানতে চাইলে এমন যন্ত্র থেকে তুলনামূলক নিখুঁত ফলাফল পাবেন। শুধু পদক্ষেপ গণনাই নয়, স্মার্ট ওয়াচ আপনাকে আরও অনেক তথ্য দিতে পারে।

ক্যালরির হিসাব-নিকাশ
ব্যায়াম বা হাঁটাচলা করে কতটা ক্যালরি পোড়াচ্ছেন, সরাসরি সেটাও জানা সম্ভব। তবে যন্ত্রকে এই তথ্যগুলো দেওয়া প্রয়োজন—

আপনার ওজন

আপনি নারী নাকি পুরুষ

ব্যায়ামসহ অন্যান্য কাজের সময়কার ক্যালরি খরচের হিসাবও যদি রাখতে চান, তবে কেনার সময় ডিভাইসে এই ফিচারটি আছে কি না দেখে নিন।

হৃৎপিণ্ডের গতি
সুস্থ থাকতে সপ্তাহে ১৫০ মিনিট মাঝারি কিংবা ৭৫ মিনিট তীব্র ব্যায়ামের পরামর্শ দেওয়া হয়। অথবা দুই ধরনের ব্যায়াম মিলিয়ে মিশিয়ে করতে হয়। ব্যায়ামের সময় সেটির মাত্রা বা তীব্রতা বোঝার জন্য হৃৎপিণ্ডের গতি জানা গুরুত্বপূর্ণ। একটি মানসম্পন্ন যন্ত্র আপনাকে তা জানাতে পারবে।

তা ছাড়া ব্যায়াম থামানোর পর কত বেগে আপনার হৃৎপিণ্ডের গতি কমে আসছে, তা–ও জানতে পারবেন। প্রতি মিনিটে অন্তত কুড়ি বিট হারে গতি কমে আসা সুস্থতার লক্ষণ ধরা হয়।

ঘুমের ব্যাপ্তি
সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। কিছু যন্ত্র আপনি কতটা ঘুমাচ্ছেন, কতবার এদিক-ওদিক করছেন, তার রেকর্ডও রাখে। তবে এর বাইরে এসব যন্ত্র এমন কোনো তথ্য দিতে পারে না, যা থেকে আপনার ঘুমের সমস্যাগুলো সম্পর্কে জানতে পারবেন।

অক্সিজেনের তথ্য
কিছু যন্ত্র ম্যাক্সিমাল অক্সিজেন কনজাম্পশন (ভিওটু ম্যাক্স) বিষয়ে ধারণা দেয়। এটি নিখুঁত ফলাফল নয়। তবে এর রোজকার ধারায় বড়সড় পরিবর্তন (অর্থাৎ খুব বেশি কমে যাওয়া) দেখলে এ বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।

জরুরি অবস্থা
কোনো কোনো স্মার্ট ওয়াচ জরুরি পরিস্থিতি, যেমন হার্ট অ্যাটাক বা হৃৎস্পন্দনের বিচ্যুতি শনাক্ত করতে পারে। এটি দিয়ে তাৎক্ষণিক ইসিজি করাও সম্ভব। অনেক সময় কেউ নির্জন স্থানে মুমূর্ষু অবস্থায় পড়লে স্মার্টফোন সেই সংকেতও দিতে পারে।

আরও যা খেয়াল রাখবেন
ভালো ব্র্যান্ডের মানসম্পন্ন যন্ত্র কেনা উচিত।

কবজিতে বাঁধা যন্ত্র রক্তচাপের সঠিক ধারণা দেবে না।

দীর্ঘক্ষণ বসে কাজ করার সময় নির্দিষ্ট সময় পরপর আপনাকে উঠে দাঁড়ানো কিংবা নড়াচড়ার কথা মনে করিয়ে দেবে, এমন যন্ত্রও আছে।

সাইকেল চালানোর অভ্যাস থাকলে জিপিএস সুবিধাসমেত একটি যন্ত্র কিনতে পারেন। এটি আপনার গতির হিসাব রাখবে।

কিছু যন্ত্রে অলটিমিটার থাকে, যা পাহাড় বেয়ে বা সিঁড়ি দিয়ে ওঠার মতো কাজের হিসাব দিতে পারে। এ ধরনের কাজ বেশি করলে অলটিমিটার সুবিধাযুক্ত যন্ত্র কিনতে পারেন। সেটি ওই ধরনের কাজসহ আপনার সর্বমোট ক্যালরি খরচের হিসাব তুলনামূলক নিখুঁতভাবে দেবে।

ওয়াটার রেজিস্ট্যান্ট যন্ত্র নিয়ে আপনি সাঁতার কাটতে পারবেন না। এ ক্ষেত্রে প্রয়োজন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ যন্ত্র।

এ ধরনের যন্ত্রকে আপনার সুস্থতা চর্চার সঙ্গী করে নিতে পারেন, তবে পুরোপুরি যন্ত্রনির্ভর হয়ে পড়বেন না। নিজের শরীরের ভাষাও বুঝতে চেষ্টা করুন। অতিরিক্ত চাপ নেবেন না। নিয়মমাফিক পদ্ধতিতে সুস্থতার চর্চা চালিয়ে যান।

Mahfuzur Rahman

Publisher & Editor