বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ওয়েস্ট ইন্ডিজকে ১৫৮ কোটি টাকা ঋণ দিচ্ছে আইসিসি

প্রকাশিত: ০৩:৪৪, ১৬ জুলাই ২০২৬ |

কয়েক বছর ধরেই আর্থিক সংকটে ভুগছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এবার তাদের সহায়তায় এগিয়ে এসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ক্রিকেট বিষয়ক একাধিক ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজকে ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে আইসিসি; যা বাংলাদেশি মুদ্রায় ১৫৮ কোটি টাকা। 

সিডব্লিউআই বেশ কিছুদিন ধরে আইসিসির কাছে সহায়তা চেয়ে আসছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে সাবেক ক্রিকেটাররাও প্রকাশ্যে মত দিয়েছেন। 

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) আগের বছরের ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার নিট মুনাফার বিপরীতে ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার নিট লোকসান করেছে।

এদিকে, ২০২৬ অর্থচক্রে আরো ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার লোকসানের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই আর্থিক ঘাটতি মোকাবিলায় আইসিসি কাছ থেকে ঋণ এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণসুবিধা নেওয়ার পরিকল্পনার কথা সিডব্লিউআই তাদের আর্থিক বিবরণীতেই উল্লেখ করেছিল। সেই পরিকল্পনাই এখন বাস্তবে রূপ নিতে চলেছে।

এর আগে ২০১২ সালে জিম্বাবুয়ের সঙ্গে আইসিসির বিশেষ আর্থিক সহায়তা পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

পরবর্তীতে ২০২০ সালে করোনা মহামারির সময় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছ থেকে ৩০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৭ কোটি টাকা ঋণ নিয়েছিল সিডব্লিউআই। সেই ঋণ যথাসময়েই পরিশোধ করেছে তারা।

Mahfuzur Rahman

Publisher & Editor