রবিবার, ১২ জুলাই ২০২৬

শেষ ম্যাচ জেতা জরুরি ছিল, কেন বললেন টাইগার কোচ

প্রকাশিত: ০৩:৩৩, ১২ জুলাই ২০২৬ |

জিম্বাবুয়ে সফরে টানা দুই ওয়ানডে হারের পর শেষ ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে টাইগাররা। যদিও তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিম্বাবুয়ের কাছেই ছেড়ে দিতে হয়েছে।

শেষ ম্যাচের জয়কে সামনে থাকা টি-টোয়েন্টি সিরিজের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, এমন জয় দলকে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস এনে দেয়।

তালহা বলেন, ‘হয়তো অনেক দিন ধরেই আমরা এই জয়ের অপেক্ষায় ছিলাম। আগের দুই ম্যাচে যেভাবে বল করেছি, তাতে আমাদের জেতা উচিত ছিল। তবে শেষ ম্যাচে জয় পেয়েছি। ম্যাচ জিতলে মোমেন্টাম পাওয়া যায়। আশা করছি, এই ধারাটা টি-টোয়েন্টি সিরিজেও ধরে রাখতে পারব।’

শেষ ম্যাচের জয় কতটা প্রয়োজন ছিল, সেটিও তুলে ধরেন বাংলাদেশ দলের এই কোচ। তিনি বলেন, ‘অনেক জরুরি ছিল। ম্যাচ জেতা সবসময়ই গুরুত্বপূর্ণ, সেটা যে কোনো দলের বিপক্ষেই হোক। জয় দলকে মোমেন্টাম দেয়। সামনে টি-টোয়েন্টি সিরিজ আছে, তাই এই জয় আমাদের জন্য অনেক জরুরি ছিল।’

আগের দুই ম্যাচের ব্যর্থতা আর শেষ ম্যাচের পারফরম্যান্সের পার্থক্য ব্যাখ্যা করতে গিয়ে তালহা বলেন, ‘আজ (গতকাল) আমরা যেভাবে ব্যাটিং করেছি, পুরো সময় দারুণ নিয়ন্ত্রণে ছিলাম। আগের দুই ম্যাচে মনে হয়নি ব্যাটাররা সেভাবে নিয়ন্ত্রণে ছিল। আমরা নিজেরাই প্রতিপক্ষকে উইকেট দিয়ে এসেছি।’

তবে জিম্বাবুয়ের বোলারদের কৃতিত্ব দিতে ভুল করেননি তিনি। তালহা বলেন, ‘জিম্বাবুয়ের বোলারদের কৃতিত্ব অবশ্যই দিতে হবে। তারা অনেক ভালো বোলিং করেছে। প্রথম ম্যাচে আমরা ১৪১ রানে অলআউট হয়েছিলাম, ওই ম্যাচও আমাদের জেতা উচিত ছিল। দুই দলের মধ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।’

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সফরকে ইতিবাচক হিসেবেই দেখছেন তালহা। তিনি বলেন, ‘আমাদের ঘরের মাঠে এত বাউন্সি উইকেটে খেলার সুযোগ হয় না। সামনে বিশ্বকাপও আছে। তাই এই সফর আমাদের জন্য ভালো প্রস্তুতি হয়েছে।’

Mahfuzur Rahman

Publisher & Editor