রবিবার, ২৮ জুন ২০২৬

প্রবাসীদের স্বার্থে সহযোগিতার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ০৩:১৪, ২৮ জুন ২০২৬ | ১০

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে ফ্রান্স বিএনপির প্রতিনিধিদের আমন্ত্রণ জানান। নির্ধারিত সময়ে প্রতিনিধিদল উপস্থিত হলে মন্ত্রী তাদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানান। এ সময় তিনি ফ্রান্স বিএনপির আয়োজিত নাগরিক সংবর্ধনায় উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

ফ্রান্সে অবস্থিত দূতাবাস কার্যালয়ে সাক্ষাৎকালে মন্ত্রী দেশের বিভিন্ন সংকটময় ও গুরুত্বপূর্ণ সময়ে ফ্রান্স বিএনপির ভূমিকা ও কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে পূর্বের ধারাবাহিকতায় কাজ করে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, স্বৈরাচারের পতন হয়েছে মনে করলেই চলবে না; যারা পূর্বে বিভিন্ন সুবিধা ভোগ করেছে কিংবা তাদের সহযোগীরা দলের অভ্যন্তরে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির পাশাপাশি বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও উন্নয়নের পথে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সকলকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এছাড়াও প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে প্রত্যাশিত সহযোগিতার আশ্বাস দেন এবং দেশে ফিরে সংশ্লিষ্ট বিষয়গুলো সরকারের সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে ফ্রান্স বিএনপি ও ফ্রান্স প্রবাসীদের পক্ষ থেকে মন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor