রবিবার, ২৮ জুন ২০২৬

হোটেল বুকিংয়ের সুবিধা চালু করল উবার

প্রকাশিত: ০৭:১৮, ২৮ জুন ২০২৬ |

উবার গ্রাহকরা এখন থেকে রাইড বুক করার মতোই সরাসরি অ্যাপের মাধ্যমে হোটেলও বুক করতে পারবেন। ভ্রমণকারীদের জন্য হোটেল বুকিং ও যে কোনো দোকান থেকে কেনাকাটার জন্য একগুচ্ছ নতুন এআই ফিচার নিয়ে এসেছে কোম্পানিটি।
 
নিজেদের বার্ষিক পণ্য প্রদর্শনী ‘গো-গেট’ ইভেন্টে বুধবার এ আপডেট আনে প্লাটফর্মটি। রাত্রিযাপনের জায়গা খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য এক্সপেডিয়ার সঙ্গে অংশীদারিত্বে এই আপডেট এনেছে সংস্থাটি। 

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আজ থেকেই এ সুবিধাটি চালু হয়েছে। অ্যাপের হোম স্ক্রিনে থাকা ‘হোটেলস’ বাটনে ট্যাপ করে এ সুবিধা নেওয়া যাবে।
 
উবারে গন্তব্যস্থল লিখে দেওয়ার পর নিজের প্রয়োজন অনুসারে হোটেল খুঁজে পেতে ব্যবহারকারী বিভিন্ন ফিল্টার ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে বিশ্বজুড়ে সাত লাখেরও বেশি হোটেলে বুকিং দেওয়ার সুযোগ মিলবে। 

এদিকে উবার রিজার্ভের মাধ্যমে ট্রিপ বুকিংয়ের পর ‘অ্যাড উবার ইটস’ অপশনে ট্যাপ করে খাবার বা পানীয় বেছে নিতে পারেন। খাবার তার কাছে আসার পথেই চালক তা সংগ্রহ করে নেবেন।
 
এছাড়া, ‘শপ ফর মি’ নামের নতুন ফিচারের মাধ্যমে যে কোনো দোকান থেকে পণ্য কেনাকাটা করা যাবে। সেটি যদি উবার অ্যাপের তালিকাভুক্ত না-ও থাকে তবুও এ সুবিধা মিলবে। 

ব্যবহারকারী কি চাইছেন এবং দোকানের নাম লিখে দিলেই একজন শপার সেটি তার জন্য খুঁজে বের করবেন। এক্ষেত্রে ছবিও যোগ করা যাবে। 

উবার জানিয়েছে, কুরিয়ার তার কাছ থেকে পণ্যটি কেনার আগে নিশ্চিত হয়ে নেবেন এবং তাকে দোকানের নির্ধারিত দামই পরিশোধ করতে হবে।

Mahfuzur Rahman

Publisher & Editor