রবিবার, ২৮ জুন ২০২৬

‘সির সির’-এর পর ‘চ্যাম্পিয়নস’ দিয়ে তাক লাগালেন সঞ্জয়-নোরা

প্রকাশিত: ০৩:০৪, ২৮ জুন ২০২৬ | ১০

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গানের বিশ্বব্যাপী তুমুল উন্মাদনার পর এবার নতুন চমক নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফাতেহি। এই জুটির নতুন গান ‘চ্যাম্পিয়নস’ (ফি কোল মাকান) প্রকাশের পর থেকেই ফুটবল ও সংগীতপ্রেমীদের মাঝে নতুন করে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে; ভাসছে দর্শক ও শ্রোতাদের প্রশংসায়।  

বলা হচ্ছে, ‘সির সির’-এর রেশ কাটতে না কাটতেই মুক্তি পাওয়া এই নতুন গানটি মূলত মানুষের বিজয়, উদ্‌যাপন এবং আত্মবিশ্বাসের বার্তা দেবে। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারের মনোমুগ্ধকর প্রকৃতি ও সমুদ্রঘেরা পরিবেশে মাত্র এক দিনের মধ্যে এই গানের শুটিং হয়েছে বলে জানা গেছে। গানটিতে নোরা ফতেহির সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় আফ্রিকান গায়ক রায়ভানি; পুরো গানটির প্রযোজনা ও সুর করেছেন সঞ্জয়।

সংশ্লিষ্টরা গানটিকে বিশ্বজয়ের এক অনন্য সংগীত (দ্য ভিক্টরি অ্যান্থেম ফর দ্য ওয়ার্ল্ড) হিসেবে উল্লেখ করেছেন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সব বিজয়ী বা চ্যাম্পিয়নদের উদ্‌যাপন করতেই এই বিশেষ গানটি তৈরি করা হয়েছে। শ্রোতারা ইউটিউবের পাশাপাশি বিশ্বখ্যাত মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতেও গানটি শুনতে পারছেন।

উচ্ছ্বাস ও উদ্দীপনায় ভরা এই গানের কথায় মূলত এক ঐতিহাসিক মুহূর্ত ও বিজয়ের আবহের দিকে ইঙ্গিত করা হয়েছে। গানটির কথাগুলর অর্থ এমন—সবাই মিলে এই বিজয়ের আনন্দে মেতে ওঠার এবং ইতিহাস লেখার এখনই সময়। বাতাসে এক অদ্ভুত উন্মাদনা ছড়িয়ে পড়েছে, যা প্রতিটি শহরের প্রতিটি রাস্তায় প্রতিধ্বনিত হচ্ছে। লাখো মানুষের কণ্ঠ আজ মিলেছে এক সুরে এবং সবার হৃদয় ড্রামের মতো স্পন্দিত হচ্ছে। কোনো বাধা ছাড়াই এই উদ্‌যাপন অনন্তকাল ধরে এগিয়ে নেওয়ার এক চিরন্তন বার্তা ফুটিয়ে তোলা হয়েছে এই গানে।

ইউটিউবে গানটি প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে নেটিজেনদের কাছ থেকে দারুণ সাড়া মিলছে। বিশেষ করে বাংলাদেশ ও তানজানিয়াসহ বিভিন্ন দেশের শ্রোতারা কমেন্ট বক্সে গানটির সুর ও দৃশ্যায়নের প্রশংসা করছেন। 

এর আগে সামাজিক মাধ্যমে গানটি নিয়ে আগে থেকেই নোরা ও সঞ্জয়ের চালানো প্রচারণা ভক্তদের মাঝে যে বাড়তি আগ্রহ তৈরি করেছিল, মুক্তির পর তা এক বিশাল উন্মাদনায় রূপ নিয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor