তবে সময় বা পরিকল্পনার অভাবে অনেকেরই দূরে যাওয়া হয়ে ওঠে না। তাদের জন্য এখন ঢাকার খুব কাছেই তৈরি হয়েছে নতুন এক ভ্রমণ অভিজ্ঞতা—পদ্মা নদীতে হাউস বোট ভ্রমণ।
মূলত মুন্সীগঞ্জের মাওয়া ও লৌহজং এলাকা ঘিরে এখন ধীরে ধীরে গড়ে উঠছে ছোট কিন্তু আকর্ষণীয় একটি নদীভিত্তিক পর্যটনকেন্দ্র। নদীর মাঝখানে ভাসমান হাউস বোট, পদ্মা সেতুর মনোমুগ্ধকর দৃশ্য, সূর্যাস্ত, চরভ্রমণ আর নিরিবিলি পরিবেশ—সব মিলিয়ে এটি হয়ে উঠছে ঢাকার কাছাকাছি একটি নতুন ভ্রমণ গন্তব্য।
বিশেষ করে ঈদের ছুটির পরে এক দিনের ট্রিপের জন্য অনেকেই এখন এই জায়গাটিকে বেছে নিচ্ছেন বা নিজের উইশলিস্টে রাখছেন।
কেন জনপ্রিয় হচ্ছে এই ভ্রমণ?
ঢাকা থেকে খুব বেশি দূরে নয়। মাত্র ১ থেকে দেড় ঘণ্টার পথ। তাই সকালে গিয়ে রাতেই ফেরা সম্ভব।
যেখানে রয়েছে প্রকৃতির নীরব সৌন্দর্য ও বাংলার নদীকেন্দ্রিক জীবনযাপন খুব কাছ থেকে দেখার সুযোগ।
নদীর ওপরে বসে সূর্যাস্ত দেখা, পদ্মা সেতুর নিচ দিয়ে নৌকা চলা, নদীর বাতাস আর নিরিবিলি পরিবেশ—সব মিলিয়ে শহরের ব্যস্ততা থেকে কিছুটা সময় দূরে থাকার জন্য এটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
এ ছাড়া এখানকার হাউস বোট ট্যুরিজম পরিচালনাকারীরাও অতিথিদের জন্য রাখছেন বিভিন্ন অ্যাক্টিভিটিজ। ক্রিকেট-ফুটবলসহ বিভিন্ন আউটডোর গেমস, গ্রামীণ বিভিন্ন খেলাধুলার আয়োজন। যেমন—হাঁড়িভাঙ্গা, বিস্কুট দৌড়সহ আরো অনেক।
সবচেয়ে মজার বিষয় হলো এই খেলাধুলার আয়োজন পদ্মার চরেই হয়ে থাকে। আর এই চরগুলোর অন্যতম আকর্ষণীয় একটি দিক হলো এখানে এলে সমুদ্র তীরের অনুরূপ অনুভূতি।
পদ্মা নদী ঘিরে এই এলাকায় বেশ কয়েকটি আকর্ষণীয় স্পট রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
মাওয়া ঘাট– পদ্মা নদীর অন্যতম জনপ্রিয় নদীতীর এলাকা
পদ্মা সেতু ভিউ পয়েন্ট– সেতুর বিশাল স্থাপনা কাছ থেকে দেখার সুযোগ
লৌহজং নদীতীর– শান্ত পরিবেশ ও নদীর সুন্দর দৃশ্য
চর এলাকা– নদীর মাঝের বালুচরে হাঁটার অভিজ্ঞতা
নারিশা বাজার ঘাট– স্থানীয় নদীজীবনের এক ঝলক
বাঘের বাড়ি ঘাট– বেশ কয়েকটি হাউসবোট এখান থেকে পরিচালিত হয়
পদ্মা নদীর সূর্যাস্ত ভিউ স্পট
নদীর মাঝের ছোট দ্বীপ চর বা পলিদ্বীপ
নদীপাড়ের গ্রামীণ এলাকা
রাতের পদ্মা নদীর দৃশ্য
পদ্মা নদীর এই অঞ্চলে ছোট বড় ও বিভিন্ন মানের সুযোগ সুবিধাসহ প্রায় ২০-এর অধিক হাউসবোট এই ডে ট্যুর পরিচালনা করছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
Doheem, Nayori, Green Haven, Haor Sail, Kagojer Nouka, Hoimonti, Haor Moon, Boitha— এই হাউস বোটগুলোর বেশির ভাগেই রয়েছে কেবিন, ডাইনিং স্পেস, ওপেন ডেক এবং কিছু ক্ষেত্রে সম্পূর্ণ এয়ার কন্ডিশন্ড ব্যবস্থা। রয়েছে নিজস্ব কিচেন যেখানে পাওয়া যাবে অতিথিদের জন্য প্রস্তত করা তাজা ও ফ্রেশ মুখরোচক সকল খাবার।
হাউস বোট অভিজ্ঞতা কেমন?
সকাল গড়িয়ে যখন সূর্য একটু ওপরে ওঠে, তখনই শুরু হয় এই নদীভ্রমণের যাত্রা। ঘাট থেকে ছাড়ে হাউসবোট, ধীরে ধীরে এগিয়ে চলে পদ্মার বিস্তৃত জলের ওপর দিয়ে। চারপাশে পানির বিশালতা, নদীর ঠান্ডা বাতাস আর দূরে দৃশ্যমান পদ্মা সেতু মিলিয়ে শুরুতেই তৈরি হয় ভিন্ন এক আবহ। হাউস বোটের খোলা ডেক বা ছাদে দাঁড়িয়ে নদী দেখা, ছবি তোলা কিংবা প্রিয়জনদের সঙ্গে গল্প, এই সময়টাই হয়ে ওঠে দিনের অন্যতম উপভোগ্য মুহূর্ত। আবার চাইলে হাউস বোটের কেবিনে আরাম করে শুয়ে বা বসে, কিংবা ছোট্ট বারান্দায় এক কাপ চা হাতে নিয়েও উপভোগ করা যায় নদীর শান্ত সৌন্দর্য। যা ভ্রমণটাকে আরও ব্যক্তিগত ও প্রশান্তিময় করে তোলে।
দিনজুড়ে থাকে খাবারের আয়োজন, যেখানে অতিথিরা নদীর মাঝেই উপভোগ করতে পারেন বিভিন্ন মুখরোচক খাবার। পদ্মার তাজা ইলিশের স্বাদ আর শেষ বিকেলের দিকে যুক্ত হয় বারবিকিউর বিশেষ আয়োজন, যা পুরো অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তোলে।
কিছু সময় পর হাউস বোট ভিড়ে কোনো এক বালুময় চরে, যেখানে নেমেই শুরু হয় ছোট্ট এক আনন্দমেলা—দৌড় প্রতিযোগিতা, দলগত খেলা কিংবা নিছক বালুর ওপর হাঁটাহাঁটি। কেউ আবার নিরিবিলি বসে উপভোগ করেন প্রকৃতির শান্ত পরিবেশ। চরভ্রমণ শেষে আবার নদীর বুকে ফিরে আসে যাত্রা, আর বিকেলের দিকে হাউস বোটের ছাদেই জমে ওঠে গান, গল্প আর আড্ডা। নদীর মাঝখানে বসে এই সময় কাটানো অনেকের কাছেই হয়ে ওঠে ট্রিপের সবচেয়ে স্মরণীয় অংশ। ধীরে ধীরে যখন বিকেলের আলো নরম হয়, তখন শুরু হয় দিনের শেষ আকর্ষণ, পদ্মা নদীর সূর্যাস্ত, সোনালি আলোয় ঝলমল করে ওঠা নদীর দৃশ্য ক্যামেরায় ধরে রাখার মতো এক অপূর্ব মুহূর্ত।
কিভাবে যাবেন?
ঢাকা থেকে মাওয়া বা লৌহজং যেতে সময় লাগে প্রায় ১ থেকে ১.৫ ঘণ্টা। ব্যক্তিগত গাড়িতে, গুলিস্তান থেকে সরাসরি বাসে, রাইড শেয়ার সার্ভিসে অথবা নির্দিষ্ট হাউজবোটের নিজস্ব গাড়িতে।
খরচ কেমন?
হাউস বোট ভ্রমণের খরচ নির্ভর করে প্যাকেজ ও সুবিধার ওপর। সাধারণত ডে ক্রুজ : জনপ্রতি প্রায় ২ থেকে ৪ হাজার টাকা, এসি/নন এসি বা যানবাহন সুবিধার ওপর খরচ কম বেশি হতে পারে।
নিরাপত্তা ও ব্যবস্থা?
হাউস বোট ভ্রমণগুলোতে সাধারণত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। যেমন লাইফ জ্যাকেট, লাইফ বয়া, অগ্নি নির্বাপক ব্যাবস্থা, অভিজ্ঞ নৌ-চালক, সুপারভাইজার ও স্টাফ উপস্থিতি। যা ভ্রমণকে করে তোলে আরও নিশ্চিন্ত ও আরামদায়ক।
কিভাবে বুকিং করবেন?
পদ্মা নদীতে এই হাউস বোট ভ্রমণের জন্য সাধারণত আগাম বুকিং প্রয়োজন হয়। বিশেষ করে ঈদের পরবর্তী ছুটি বা সাপ্তাহিক ছুটির দিনে ভ্রমণকারীর সংখ্যা বেশি থাকায় নির্দিষ্ট সময়ের আগেই আসন পূর্ণ হয়ে যেতে পারে।
সাধারণত হাউস বোট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমেই বুকিং করা হয়। অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ বা ফোন নম্বরের মাধ্যমে ট্রিপের তারিখ, প্যাকেজ ও অন্যান্য বিস্তারিত তথ্য জানা যায়। এছাড়া ফেসবুকে হাউস বোটের নাম লিখে সার্চ করলেই পাওয়া যাবে তাদের পেজ বা ফেসবুককেন্দ্রিক ট্যুর গ্রুপগুলোতেও এই তথ্য পাওয়া যাচ্ছে।
Publisher & Editor