ছোট পর্দার ব্যস্ত অভিনেতা জামিল হোসেন সম্প্রতি ‘আজব শহর’ নামে নতুন একটি নাটকের শুটিং শেষ করেছেন। এসএম মনির রচিত ও পরিচালিত এ নাটকটি গ্রাম থেকে শহরে আসা সাধারণ মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে। নাটকটি প্রসঙ্গে জামিল হোসেন বলেন, ‘এটি একেবারে সাধারণ মানুষের গল্প। কাহিনিতে একটি পরিবার গ্রাম থেকে ঢাকায় এসে অচেনা শহরের নানা বাস্তবতার মুখোমুখি হয়। হারিয়ে যাওয়ার শঙ্কা, প্রতারণা এবং তথাকথিত টাউটদের খপ্পরে পড়ার মতো ঘটনাগুলো গল্পকে এগিয়ে নিয়ে যায়।’ এতে জামিল হোসেনের পাশাপাশি অভিনয় করেছেন মুনমুন আহমেদ মুন, হাসিমুন নেছা, বিটলু শামিমসহ আরও অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ দিকে একটি ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।
Publisher & Editor