শনিবার, ২৩ মে ২০২৬

হেলমেট মাথা বাঁচায়, চুলও কি বাঁচায়?

প্রকাশিত: ০১:৪৫, ২৩ মে ২০২৬ |

সকালের ব্যস্ত সময়। শহরের রাস্তায় ছুটছে শত শত মোটরসাইকেল। অফিসে পৌঁছাতে হবে দ্রুত, তাই তাড়াহুড়ো করে হেলমেট মাথায় চাপিয়ে বেরিয়ে পড়েন অনেকেই। কিন্তু দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে কেউ কেউ নতুন এক দুশ্চিন্তায় পড়েন—চিরুনিতে আগের চেয়ে বেশি চুল উঠে আসছে?

প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেন না বেশিরভাগ মানুষ। ভাবেন, হয়তো আবহাওয়ার প্রভাব, হয়তো ক্লান্তি। কিন্তু দিন যেতে যেতে যখন কপালের পাশের চুল পাতলা হতে শুরু করে, তখন সন্দেহটা গিয়ে পড়ে সেই প্রতিদিনের সঙ্গী হেলমেটের ওপর।

অনেক বাইকারের কাছেই এটি এখন পরিচিত অভিজ্ঞতা। কেউ অফিসের ডেস্কে বসে মাথা চুলকাতে চুলকাতে অভিযোগ করেন, “হেলমেট পরার পর থেকেই চুল পড়া বেড়েছে।” আবার কেউ আড্ডায় মজা করে বলেন, “নিরাপদে থাকতে গিয়ে টাক হয়ে যাচ্ছি!”

বিশেষজ্ঞরা অবশ্য বিষয়টিকে এত হালকাভাবে দেখছেন না। তাদের মতে, হেলমেট নয়, মূল সমস্যা তৈরি হয় ভুল ব্যবহার ও অযত্ন থেকে।

মার্সের একটি প্রতিবেদনে হেলমেট ব্যবহারে চুলের প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে।

হেলমেট ব্যবহারে চুল পড়তে পারে?

প্রতিবেদনে বলা হয়, হেলমেট ব্যবহারে চুল পড়তে পারে কী না এ বিষয়টি জানা প্রয়োজন।

চিকিৎসকদের মতে, ভুল মাপের হেলমেট ব্যবহারই বড় সমস্যার কারণ। খুব টাইট হেলমেট চুলের গোড়ায় অতিরিক্ত চাপ সৃষ্টি করে। আবার ঢিলেঢালা হেলমেট দুর্ঘটনায় সুরক্ষা কমানোর পাশাপাশি বারবার নড়াচড়া করে চুলে টান ফেলে।

হেলমেট পরা ও খোলার সময় যদি চুলে টান লাগে, সেটি “ট্র্যাকশন অ্যালোপেসিয়া”র লক্ষণ হতে পারে। দীর্ঘদিন ধরে চুলের গোড়ায় টান পড়লে ধীরে ধীরে চুল দুর্বল হয়ে পড়ে এবং ঝরে যেতে শুরু করে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, টাইট হেলমেট মাথার ত্বকে বাতাস চলাচল কমিয়ে দেয়। ফলে ঘাম, ধুলা ও ময়লা জমে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে পারে। এতে স্ক্যাল্পে সংক্রমণ হয়, যা চুলের গোড়া দুর্বল করে দেয় এবং নতুন চুল গজানোও বাধাগ্রস্ত হতে পারে।

চুল বাঁচাতে কী করবেন?

চুল পরিষ্কার রাখুন
মাথার ত্বক থেকে নিয়মিত তেল বা সিবাম নিঃসৃত হয়, যা স্বাভাবিকভাবে চুলকে সুরক্ষা দেয়। কিন্তু দীর্ঘ সময় অপরিষ্কার থাকলে অতিরিক্ত তেল, ঘাম ও খুশকি জমে চুল পড়ার ঝুঁকি বাড়ায়। তাই নিয়মিত চুল ধোয়া জরুরি।

চুলে আর্দ্রতা বজায় রাখুন
শুষ্ক চুল হেলমেটের ভেতরের অংশের সঙ্গে বেশি ঘর্ষণ তৈরি করে। তাই হালকা তেল বা ময়েশ্চারাইজার ব্যবহার করলে চুলের ক্ষতি কম হয়।

ভেজা চুলে হেলমেট নয়
অনেকে গোসলের পর ভেজা চুলেই হেলমেট পরে বের হন। এটি অত্যন্ত ক্ষতিকর অভ্যাস। ভেজা ও গরম পরিবেশ ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস বৃদ্ধির আদর্শ জায়গা। এতে স্ক্যাল্প ইনফেকশন হতে পারে।

পাতলা কাপড় বা বাইকার মাস্ক ব্যবহার করুন
হেলমেট ও চুলের মাঝে পাতলা সুতি কাপড় বা বাইকার মাস্ক ব্যবহার করলে ঘর্ষণ কমে এবং ঘামও শোষিত হয়।

ভালো মানের হেলমেট ব্যবহার করুন
বিশেষজ্ঞদের মতে, মানসম্মত হেলমেট শুধু দুর্ঘটনায় সুরক্ষা দেয় না, মাথার ত্বকের জন্যও তুলনামূলক নিরাপদ। ভালো হেলমেটের ভেতরের অংশ সাধারণত নরম, বাতাস চলাচল উপযোগী এবং স্ক্যাল্পবান্ধব উপাদানে তৈরি হয়।

মাথার ত্বকে ম্যাসাজ করুন
গরম তেল দিয়ে হালকা ম্যাসাজ করলে মাথার ত্বকে রক্ত চলাচল বাড়ে। এতে চুলের গোড়া পুষ্টি পায় এবং চুল মজবুত হয়।

নিয়মিত হেলমেট পরিষ্কার করুন
হেলমেটের ভেতরে জমে থাকা ঘাম, ধুলা ও জীবাণু চুলের জন্য ক্ষতিকর। তাই সপ্তাহে অন্তত একবার হেলমেটের ভেতরের প্যাড পরিষ্কার করা জরুরি।

আতঙ্ক নয়, সচেতনতা জরুরি

বিশেষজ্ঞদের মতে, সামান্য চুল পড়া নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আগে বুঝতে হবে সমস্যার আসল কারণ কী—হেলমেটের মাপ ভুল, নাকি হেলমেটের মান খারাপ? সঠিক কারণ চিহ্নিত করতে পারলে সমাধানও সহজ হয়ে যায়।

তবে একটি বিষয় পরিষ্কার—চুলের যত্ন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু জীবনের নিরাপত্তা তার চেয়েও বেশি জরুরি। তাই হেলমেট বাদ দেওয়া নয়, বরং সঠিকভাবে ব্যবহার করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

Mahfuzur Rahman

Publisher & Editor